Home কমিউনিটি প্রবাসী ভোটাধিকার বাস্তবায়নে নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করলেন প্রবাসী নেতৃবৃন্দ

প্রবাসী ভোটাধিকার বাস্তবায়নে নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করলেন প্রবাসী নেতৃবৃন্দ

120
0

ঢাকা, ২ জুলাই: প্রবাসী বাংলাদেশীদের দীর্ঘদিনের প্রাণের দাবী—ভোটাধিকার অবিলম্বে পূর্ণ নিশ্চিত করার দাবিতে আন্দোলনরত সংগঠন ‘প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ’-এর কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আজ প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন-এর সাথে বৈঠক করেছেন।

আজ (২ জুলাই) রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ব্যারিস্টার নাজির আহমদ-এর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলে আরও ছিলেন লন্ডন প্রবাসী ব্যারিস্টার ইকবাল হোসাইন, ব্যারিস্টার মোজাক্কির হোসাইন এবং যুক্তরাষ্ট্র প্রবাসী মিডিয়া ব্যক্তিত্ব এম রহমান মাসুম

প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে নেতৃবৃন্দ জানান, প্রবাসী বাংলাদেশীদের বহু আকাঙ্ক্ষিত ভোটাধিকার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের ইতিবাচক মনোভাব থাকলেও এখন পর্যন্ত কার্যকর কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়নি, যা প্রবাসীদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

প্রধান নির্বাচন কমিশনার সতর্কতার সাথে নেতৃবৃন্দের বক্তব্য শোনেন এবং কমিশনের চলমান প্রচেষ্টা ও অগ্রগতির বিষয়টি তাদের সামনে তুলে ধরেন। নেতৃবৃন্দ ভোটাধিকার বাস্তবায়নের জন্য নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। বৈঠক শেষে প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রধান নির্বাচন কমিশনারের কাছে হস্তান্তর করা হয়।

পরে, প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহর সাথেও প্রবাসী নেতৃবৃন্দ দীর্ঘ সময় ধরে মতবিনিময় করেন। এ সময় তারা প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানান।

নেতৃবৃন্দ জানান, প্রবাসী বাংলাদেশীরা ভোটাধিকার অর্জনের আন্দোলন থেকে কোনোভাবেই সরে দাঁড়াবে না। যত দ্রুত সম্ভব এই দাবির বাস্তবায়ন দেখতে চান তারা।

পড়ুনঃ  টাওয়ার হ্যামলেটসে নতুন ‘ড্রাগ স্কোয়াড’ নিয়ে বিবিসির বিশেষ প্রতিবেদন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here