কুয়েত, ৭ জুলাই ২০২৫:
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণে চলমান উদ্যোগের অংশ হিসেবে যুক্তরাজ্য থেকে আগত প্রবাসী ভোটাধিকার পরিষদের একটিভিস্ট ও MH Global-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব গোলাম মর্তুজা কুয়েত সফর করেন।
এই সফরের মূল উদ্দেশ্য ছিল কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় এবং তাঁদের অধিকার নিয়ে আলোচনা। তাঁর আগমনে প্রবাসী সমাজে ব্যাপক সাড়া পড়ে এবং উচ্ছ্বাসের সৃষ্টি হয়।
৭ জুলাই রাতে, কুয়েত সিটির একটি হোটেলে এক প্রীতিভোজ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে শতাধিক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। তাঁরা ফুলেল শুভেচ্ছা দিয়ে জনাব মর্তুজাকে উষ্ণভাবে অভ্যর্থনা জানান।
আলোচনায় প্রবাসীরা তাঁদের জীবনের নানা অভিজ্ঞতা ও কষ্টের কথা তুলে ধরেন। বিশেষভাবে তাঁরা অভিযোগ করেন, দীর্ঘদিন বিদেশে বসবাস করেও তাঁরা বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভোটাধিকার থেকে বঞ্চিত। তিন লক্ষাধিক প্রবাসী বাংলাদেশির জীবনসংগ্রাম, প্রবাসে সীমাবদ্ধতা, এবং দেশের অর্থনীতিতে তাঁদের অবদানের কথা গুরুত্ব সহকারে শোনেন জনাব গোলাম মর্তুজা।
পরদিন ৮ জুলাই, তিনি স্থানীয় প্রবাসী নেতৃবৃন্দসহ বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন এবং দূতাবাসের রাজনৈতিক কাউন্সেলর জনাব মোহাম্মদ মনিরুজ্জামান-এর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন:
“স্বাধীনতার ৫৪ বছর পরও প্রবাসীরা দেশের ভোটাধিকার থেকে বঞ্চিত — এটা অত্যন্ত দুঃখজনক ও অযৌক্তিক, বিশেষ করে এমন একটি জনগোষ্ঠীর জন্য যারা দেশের অর্থনীতিতে অবিচ্ছিন্ন অবদান রেখে চলেছেন।”
এই সফর ও অনুষ্ঠানের সমন্বয় করেন জনাব মাওলানা নূরুল আমিন লাকমান, জনাব আরিফ হোসেন, জনাব এ কে এম আজাদ (প্রধান সমন্বয়কারী ও প্রেসিডেন্ট, রেমিট্যান্স যোদ্ধা সোসাইটি, কুয়েত), প্রকৌশলী শিহাব উদ্দিন এবং জনাব জাফর আহমেদ।
মতবিনিময় সভা শেষে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে একটি স্মারকলিপি বাংলাদেশ দূতাবাসে হস্তান্তর করা হয়, যা রাষ্ট্রদূতের ব্যক্তিগত সচিব গ্রহণ করেন।
জনাব গোলাম মর্তুজার এ সফর প্রবাসী সমাজে নতুন আশা ও প্রত্যাশার জন্ম দিয়েছে। ভবিষ্যতে প্রবাসীদের অধিকার রক্ষায় তাঁর এই উদ্যোগ আরও কার্যকর ও ফলপ্রসূ হবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।





