লন্ডনের ঐতিহাসিক টাওয়ার ব্রিজ এলাকায় অনুষ্ঠিত হলো ক্যান্সার সচেতনতা ও ফান্ড রেইজিং কর্মসূচি। যুক্তরাজ্যের শীর্ষ ক্যান্সার সহায়তামূলক সংস্থা Macmillan Cancer Support–এর জন্য এই উদ্যোগ নেয় ৫২বাংলা মিডিয়া ইউকে এবং টি আলী স্যার ফাউন্ডেশন ইউকে।
৮ সেপ্টেম্বর দুপুরে ক্যাম্পেইনের উদ্বোধন হয়। অংশগ্রহণকারীরা ম্যাকমিলানের সবুজ ব্র্যান্ডেড টি-শার্ট পরে ক্যান্সার বিষয়ে সচেতনতা বাড়ানোর অঙ্গীকার করেন এবং জনসাধারণকে উদ্বুদ্ধ করেন।
৫২বাংলার কমিউনিটি অ্যাফেয়ার্স হেড ছরওয়ার আহমদ বলেন, “বাংলাদেশি ও এশীয় কমিউনিটিতে ক্যান্সারের ঝুঁকি বাড়লেও সচেতনতার ঘাটতি রয়েছে। ম্যাকমিলানের বিনামূল্যের অনেক সেবা মানুষকে জানানোই আমাদের উদ্দেশ্য।”
টি আলী স্যার ফাউন্ডেশন ইউকের সভাপতি ফয়সল আহমদ রুহেল জানান, তারা সচেতনতা ক্যাম্পেইনের পাশাপাশি ‘Macmillan Coffee Morning’ আয়োজন করছেন এবং অনলাইনে অর্থ সংগ্রহ করছেন, যা সরাসরি প্রতিষ্ঠানের একাউন্টে জমা হবে।
অনুষ্ঠানে ৫২বাংলার সম্পাদক আনোয়ারুল ইসলাম অভি, বাংলাদেশ হসপিটালিটি ফোরাম ইউকের সভাপতি গোলাম কবির রুমেল, সাংবাদিক আবু রহমানসহ কমিউনিটির নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
ক্যাম্পেইনের দ্বিতীয় ধাপে আগামী ২২ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের নিউরোডে ‘Macmillan Coffee Morning’ অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে লন্ডনের কমিউনিটির সকলকে এতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
👉 সহায়তা লিংক: Macmillan Fundraising Link





