আন্তর্জাতিক ডেস্ক | ১৬ সেপ্টেম্বর ২০২৫:
সৌরজগতের দূর প্রান্তে হয়তো বুধের চেয়েও ভারী এক অদৃশ্য গ্রহ লুকিয়ে আছে। নতুন এক গবেষণায় পাওয়া প্রমাণে বলা হচ্ছে, প্লুটোর কক্ষপথের বাইরের অঞ্চলে (কুইপার বেল্ট) অন্তত ২৫ গুণ বেশি ভরবিশিষ্ট একটি গ্রহ থাকতে পারে।
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী আমির সিরাজের নেতৃত্বাধীন দলটি ১৫০টিরও বেশি কুইপার বেল্ট বস্তুর কক্ষপথ বিশ্লেষণ করেছে। তাদের ফলাফলে দেখা গেছে, সূর্য থেকে ৮০–২০০ গুণ দূরত্বে এই বস্তুগুলোর কক্ষপথ অভ্যন্তরীণ সৌরজগতের তুলনায় বাঁকানো। গবেষকদের ধারণা, এখানেই মহাকর্ষীয় প্রভাবে এক অজানা গ্রহ অবস্থান করছে।
গবেষকরা সম্ভাব্য এই গ্রহকে “প্ল্যানেট ওয়াই” নাম দিয়েছেন। তারা বলছেন, এটি তথাকথিত প্ল্যানেট এক্স নয়, বরং তুলনামূলকভাবে কাছের ও কম ভরবিশিষ্ট একটি গ্রহ হতে পারে।
বিজ্ঞানীরা আশা করছেন, ভেরা সি. রুবিন অবজারভেটরির আসন্ন ১০ বছরের আকাশ জরিপে কুইপার বেল্টের আরও অজানা তথ্য পাওয়া যাবে এবং সম্ভব হলে ধরা পড়তে পারে নতুন এই গ্রহও।





