– দুই-রাষ্ট্র সমাধানের পথে নতুন গতি যোগ হলো
জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের প্রাক্কালে কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। ইসরায়েলের গাজায় যুদ্ধ ও পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের মধ্যেই এই সিদ্ধান্তকে আন্তর্জাতিকভাবে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
রবিবার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, ফিলিস্তিন ও ইসরায়েলের শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়তে তার দেশ অঙ্গীকারবদ্ধ। তিনি জানান, এই স্বীকৃতি কোনোভাবেই সন্ত্রাসবাদকে বৈধতা দেয় না, বরং শান্তিপূর্ণ সহাবস্থানকে শক্তিশালী করে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক যৌথ বিবৃতিতে জানান, যুক্তরাজ্য ও কানাডার সঙ্গে এই সিদ্ধান্ত দুই-রাষ্ট্র সমাধানের জন্য আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও এর আগে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, এটি মধ্যপ্রাচ্যে ন্যায়সঙ্গত শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়াকে এগিয়ে নেবে।
বিশ্লেষকদের মতে, পশ্চিমা শক্তিগুলোর এই একযোগে স্বীকৃতি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন মাত্রা দিল।





