ঢাকা, ১২ ডিসেম্বর ২০২৫:
ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার নিন্দনীয় ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন Human Rights Support Society (HRSS)। সংগঠনের পক্ষ থেকে এই হামলার দ্রুত, নিরপেক্ষ তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়েছে।
সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, আজ শুক্রবার দুপুরে (আনুমানিক ২টা ২৫ মিনিটে) রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরীফ ওসমান হাদিকে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তাকে লাইফ সাপোর্ট-এ রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
HRSS এর নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, দিনের আলোতে রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত একজন ব্যক্তির ওপর এই ধরনের ঘৃণ্য হামলা দেশের রাজনৈতিক পরিবেশ, জননিরাপত্তা এবং মুক্ত মত প্রকাশের অধিকারকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করে। সংগঠন মনে করে, এই হামলা শুধু একজন প্রার্থীর ওপর আক্রমণ নয়, বরং সামগ্রিকভাবে গণতান্ত্রিক রাজনীতি ও নির্বাচনী অংশগ্রহণের ওপর এক ধরনের অশুভ সংকেত।
HRSS এর ৭ দফা দাবি
নির্বাচনকে সামনে রেখে এমন সশস্ত্র হামলা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে উল্লেখ করে, HRSS ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সরকারের কাছে নিম্নোক্ত ৭ দফা দাবি ও সুপারিশ পেশ করেছে:
১. তাৎক্ষণিক তদন্ত: ঘটনার তাৎক্ষণিক, স্বাধীন, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে এবং তদন্তের অগ্রগতি জনসম্মুখে প্রকাশ করতে হবে।
২. অপরাধীদের গ্রেপ্তার: হামলার সঙ্গে জড়িত সকল ব্যক্তি, পরিকল্পনাকারী ও পৃষ্ঠপোষকদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
৩. ভিকটিমের নিরাপত্তা: ভিকটিম ওসমান হাদির চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে হবে।
৪. নিরাপত্তা জোরদার: রাজনৈতিক প্রার্থী, কর্মী ও সমর্থকদের নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বাড়াতে হবে।
৫. সহিংসতা প্রতিরোধ: নির্বাচনকে সামনে রেখে সহিংসতা প্রতিরোধে কঠোর নির্দেশনা ও সুরক্ষা পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।
৬. সহনশীল রাজনৈতিক সংস্কৃতি: রাজনৈতিক দলগুলোর প্রতি সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ ও সহনশীল রাজনৈতিক সংস্কৃতি রক্ষায় সহযোগিতার আহ্বান।
৭. আইনের শাসন: মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনাকে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, আইনের শাসনের প্রশ্নে সমানভাবে বিবেচনা করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের বর্বরোচিত হামলার সঠিক তদন্ত, দ্রুত বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ রক্ষার প্রচেষ্টা ব্যাহত হবে।
প্রধান উপদেষ্টার নির্দেশ
এদিকে, প্রধান উপদেষ্টা শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন এবং নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো ধরনের সহিংসতা বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন। বিরোধী দলীয় নেতারাও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।






