বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত কাউন্সিলে সদস্যদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সহকারী অফিস সম্পাদক আবু জাফর শাহীন।
সংবিধান অনুযায়ী, নবনির্বাচিত সভাপতি পরবর্তীতে সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেন। বর্তমানে সেই প্রক্রিয়া চলমান রয়েছে।
সভাপতি নির্বাচিত হওয়ার আগে নুরুল ইসলাম সাদ্দাম সংগঠনের সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছিলেন। তার বাড়ি খুলনার সোনাডাঙ্গা উপজেলায়। নুরুল ইসলাম সাদ্দাম খুলনার দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিম সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে মানবসম্পদ ব্যবস্থাপনায় পেশাদার স্নাতকোত্তর ডিগ্রি কোর্সে অধ্যয়নরত।
ইসলামী ছাত্রশিবিরের ছাব্বিশতম সেশনের জন্য সাংগঠনিক কাঠামো চূড়ান্ত করা হয়েছে। এ সেশনের সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন ঠাকুরগাঁওয়ের সন্তান সিবগাতুল্লাহ সিবগা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী। সংগঠনে তার নেতৃত্বযাত্রায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক এবং সর্বশেষ কেন্দ্রীয় অফিস সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তার কর্মধারা শৃঙ্খলা, ধারাবাহিকতা ও চিন্তাশীল নেতৃত্বের প্রতিফলন বহন করে।
বর্তমান সময়কে ইসলামী ছাত্রশিবিরের জন্য গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় হিসেবে দেখা হচ্ছে। ইতিহাসের এই পর্যায়ে সংগঠনটি সাংগঠনিক সক্ষমতা, ছাত্রসমাজে গ্রহণযোগ্যতা এবং ভবিষ্যতের সম্ভাবনার দিক থেকে ইতিবাচক অবস্থানে রয়েছে। ফলে নতুন নেতৃত্বের ওপর দায়িত্ব ও প্রত্যাশা আরও বহুগুণে বৃদ্ধি পেয়েছে।

