বাংলাদেশে সম্প্রতি আধিপত্যবিরোধী বীর যোদ্ধা শহীদ ওসমান হাদীকে হত্যার প্রতিবাদে এবং অবিলম্বে খুনীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নর্থ ইংল্যান্ড বাংলাদেশী এসোসিয়েশনের উদ্যোগে এক নাগরিক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ ডিসেম্বর মঙ্গলবার ব্রাডফোর্ড শহরের একটি কমিউনিটি সেন্টারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরুল আমিন তারেক। সাংবাদিক সারোয়ার হোসেন এবং কমিউনিটি নেতা জাহাঙ্গীর আলম, আসগর খান ও শেখ আব্দুল কাইয়ুমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিলর আশরাফ মিয়া ও ইসমাইল উদ্দিন। এছাড়াও বক্তব্য দেন কমিউনিটি নেতা ইঞ্জিনিয়ার মাসুদুল হাসান, আনোয়ার আলী জিতু, মঞ্জুর আহমদ, সাংবাদিক নেতা এম জি কিবরিয়া সহ কমিউনিটির আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি শুধু একটি ব্যক্তি হত্যার ঘটনা নয়, বরং বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীন চেতনাকে আঘাত করার গভীর ষড়যন্ত্র। তারা আশঙ্কা প্রকাশ করেন যে, এই হত্যার পেছনে ভারতীয় আধিপত্যবাদী অপশক্তি ও তাদের দেশীয় দোসররা জড়িত থাকতে পারে।
সমাবেশ থেকে ভারত ও তাদের বাংলাদেশী এজেন্টদের বাংলাদেশবিরোধী যেকোনো অপতৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এসব ষড়যন্ত্র অব্যাহত থাকলে দেশপ্রেমিক জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।
শেষে শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং তার পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।






