সমাজসেবামূলক শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে জমজম বাংলাদেশ-এর উদ্যোগে ‘শিক্ষা উৎসব’ এবং “পথনির্দেশনা: পরিবার ও সমাজে আধ্যাত্মিকতা ও আধুনিকতার সমন্বয়” শীর্ষক এক ইসলামী সেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সিলেটের রায়নগর দপ্তরিপাড়াস্থ জমজম একাডেমির হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জমজম বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মঈন উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, এসেক্স মসজিদের ইমাম ও খতিব, লেখক এবং টিভি ওয়ান-এর ডিরেক্টর শাইখ মাহমুদুল হাসান।
তিনি তাঁর আলোচনায় বলেন, ইসলামি মূল্যবোধ, আধ্যাত্মিক চেতনা ও নৈতিক আদর্শের আলোকে পরিবার ও সমাজকে গড়ে তুলতে হবে আধুনিকতার ইতিবাচক ধারা বজায় রেখে। আধুনিক জীবনযাপন, প্রযুক্তি, শিক্ষা ও সামাজিক পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে আধ্যাত্মিকতা, নৈতিকতা ও ইমানি চেতনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
পরিবারে মূল্যবোধের সংরক্ষণ, প্রজন্মের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন এবং ব্যক্তিগত ও সামাজিক জীবনে দায়িত্ববোধ জাগ্রত করার মাধ্যমে একটি সুস্থ ও সচেতন সমাজ গড়ে তোলা সম্ভব—এ কথা তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন। পাশাপাশি শিক্ষা ও সমাজগঠনে ইসলামী মূল্যবোধের অপরিহার্যতাও তুলে ধরেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জমজম বাংলাদেশের নির্বাহী পরিচালক মাহবুব ছোবহানী চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন—
এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান আতাউর রহমান পীর,
পরিচালক শাব্বির আহমদ চৌধুরী,
পরিচালক ও সাংবাদিক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল,
পরিচালক জসিম উদ্দিন,
ড. ওয়ালি তসর উদ্দিন,
আফতাব চৌধুরী,
শহীদ আহমদ চৌধুরী (পিডিজি),
এ কে এম আব্দুস সোবহান প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জমজম বাংলাদেশের আওতাধীন বিভিন্ন প্রকল্প তাদের শিক্ষা ও উন্নয়নমূলক কার্যক্রমের উপস্থাপন ও প্রদর্শনী করে। শেষ পর্বে বিভিন্ন প্রজেক্টের কৃতি শিক্ষার্থীদের মাঝে এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
উল্লেখ্য, একই দিন সকালে জমজম বাংলাদেশ-এর উদ্যোগে ‘শিক্ষা উৎসব’ অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যায় শাইখ মাহমুদুল হাসান জমজম একাডেমিতে আয়োজিত উক্ত ইসলামী সেশনে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।


