চিকিৎসা হচ্ছে মানবসেবা—এ কথা উল্লেখ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, “চিকিৎসকদেরকে মুনাফার চেয়ে জনসেবাকে অগ্রাধিকার দিতে হবে। রোগীর সেবার মান বাড়াতে প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা জরুরি। এতে সাধারণ মানুষ উপকৃত হবে।”
তিনি আরও বলেন, “জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রযাত্রার এ যুগে আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রসার রোগীর আস্থা ও সেবা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আল-রাইয়ান হাসপাতালের নবযাত্রা রোগীসেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আমরা প্রত্যাশা করি।”
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সিলেট নগরীর মধুশহীদস্থ আল-রাইয়ান হাসপাতালে এনআইসিইউ, পিআইসিইউ, আইসিইউ, সিসিইউ ও এইচডিইউ ইউনিটের নবযাত্রা উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ। পরবর্তীতে প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ ফিতা কেটে সম্প্রসারিত ইউনিটসমূহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন—
আল-হামরা শপিং সিটির এমডি অধ্যাপক আব্দুল হান্নান, বিশিষ্ট মিডিয়া ও কমিউনিটি ব্যক্তিত্ব মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল, আল-রাইয়ান হাসপাতালের চেয়ারম্যান ডা. হোসাইন আহমদ, এমডি ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, ডিএমডি খলিলুর রহমান সুজন, পরিচালক রোটারিয়ান রাসেল মাহবুব, পরিচালক ডা. আহমদ সুফিয়ান বিন রহমান, পরিচালক ডা. কাউসার আহমদ, শিশুরোগ বিশেষজ্ঞ ও কনসালট্যান্ট ডা. হুমায়ুন কবির ও ডা. কামরুজ্জামান, আইসিইউ বিশেষজ্ঞ ডা. মাহমুদ ও ডা. আশরাফুল ইসলাম প্রমুখ।






