বাংলাদেশে আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও বিচার দাবিতে এবং শহীদ ওসমান হাদির বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে যুক্তরাজ্য ইনকিলাব মঞ্চ ব্রিটেনজুড়ে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে l
সপ্তাহব্যাপী পরিচালিত ক্যাম্পেইনটি ইংল্যান্ডের সর্বদক্ষিণের শহর পোর্টসমাউথ থেকে শুরু হয়ে ওয়েলস, মিডল্যান্ডস, নর্থ ওয়েস্ট, ইয়র্কশায়ার, নর্থ ইস্ট অতিক্রম করে স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় গিয়ে শেষ হয়েছে। গত তিরিশে ডিসেম্বর মঙ্গলবার শুরু হওয়া কর্মসূচির অংশ হিসেবে ব্রিটেনের প্রায় ১৭টি শহরে দোয়া মাহফিল, জনসভা, পথযাত্রা ও কমিউনিটির স্থানীয় প্রবাসী ও বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
প্রতিটি সমাবেশে স্থানীয় বাংলাদেশী কমিউনিটির ব্যাপক উপস্থিতি ঘটেছে l সমাবেশ সমূহে বাংলাদেশে ন্যায়বিচার, মানবাধিকার, জবাবদিহিতা ও নৈতিক দায়িত্ববোধ সম্পন্ন একটি সমাজ গঠনের উপর গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে বক্তারা শহীদ ওসমান হাদির হত্যার সুষ্ঠু বিচার ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি পুনর্ব্যক্ত করেছেন।
মার্চ চলাকালীন অনুষ্ঠান সমূহে ভারতীয় আধিপত্যবাদবিরোধী আপোষহীন নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ও তার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়েছে।
গত তেসরা জানুয়ারি শনিবার স্কটল্যান্ডের এডিনবরায় চূড়ান্ত কর্মসূচি শেষে প্রতিনিধিদল লন্ডনে ফিরে এসে সোমবার সন্ধ্যায় এক প্রেস কনফারেন্সের মাধ্যমে এই যাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেছেন।
প্রেস কনফারেন্সে ইনকিলাব মঞ্চ ইউকের আহবায়ক মুজাহিদ রিয়াজ বলেন, ইনক্লাব মঞ্চ ইউকে সূচনা লগ্ন থেকে মূলধারার সাথে সমন্বয় করে কাজ করে আসছে। সাংস্কৃতিক অগ্রাসন রুখতে শহীদ ওসমান হাদি যে কর্মসূচি চালু করে গিয়েছেন, তার সে আন্দোলন ও সংগ্রাম বিশ্বব্যাপী অব্যাহতভাবে চলমান থাকবে। ইনক্লাব মোচ ইউকের সদস্য সচিব বেলাল হোসেন বলেন, আমাদের এই যাত্রা এখানেই শেষ নয় এটি সূচনা মাত্র আগামীতে আমরা আরও বড় বড় কর্মসূচি পালনের মাধ্যমে ওসমান হাদির সংগ্রামকে এগিয়ে নিয়ে যাব। যুক্তরাজ্য জুড়ে শেষ হওয়া রোডমার্চের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ইনকিলাব মঞ্চ ইউকের সদস্য আইটি বিশেষজ্ঞ আব্দুল বাসিত এর অবদান কে স্মরণ করে বলেন, পুরো সফরে তিনি অর্থ, সময় ও দীর্ঘ পথ গাড়ি চালিয়ে সময় মত প্রত্যেকটি শহরে দলটিকে নিয়ে পৌঁছে গেছেন যা ইনকিলাব মঞ্চের এ যাত্রাকে সফল করতে অন্যতম সহায়ক এর ভূমিকা পালন করেছে। ইনকিলাব মঞ্চের মিডিয়া ও কমিউনিকেশনস টিমের সদস্য তৌহিদুল করিম মুজাহিদ বলেন, “মার্চ ফর ইনসাফ কেবল একটি সফর নয়, এটি ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি চলমান আন্দোলন। শহীদ ওসমান হাদির রক্ত বৃথা যেতে দেয়া হবে না।”
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জানুয়ারি মাস থেকেই যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ধারাবাহিক কর্মসূচি ও মানববন্ধন আয়োজন করা হবে। পাশাপাশি ইনকিলাব মঞ্চের ঘোষিত ৩০ দিনের আল্টিমেটাম শেষ হলে কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে রেমিট্যান্স শাটডাউনসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ইনকিলাব মঞ্চ ইউকের ভাষ্য অনুযায়ী, এই সফরের মাধ্যমে প্রবাসী কমিউনিটির মধ্যে ন্যায়বিচার, ইনসাফ ও মানবিক দায়িত্ববোধ আরও সুদৃঢ় হয়েছে। কর্মসূচি সাময়িকভাবে শেষ হলেও সামনে আরও নতুন ও বৃহত্তর আন্দোলনের ঘোষণা আসবে বলে জানান আয়োজকেরা।





