বিশিষ্ট লেখক, কলামিস্ট, সংবিধান বিশেষজ্ঞ, ব্রিটেনের উচ্চ আদালতের প্র্যাকটিসিং ব্যারিস্টার ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদের রচিত দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বই দুটি হলো— “আইন, সংবিধান ও নাগরিক অধিকার” এবং “একটি মানবিক বাংলাদেশের প্রত্যাশায়”।
বৃহস্পতিবার, ৮ জানুয়ারি সিলেট প্রেসক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের কিংবদন্তিতুল্য সাংবাদিক, দৈনিক জালালাবাদ সম্পাদক এবং সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মুকতাবিস উন নূর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল পাটওয়ারী। প্রধান আলোচক ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের প্রাক্তন ডিন ও চেয়ারম্যান অধ্যাপক ড. মোছাদ্দেক আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, ইউরো বাংলা ও এলবি ২৪-এর ব্যবস্থাপনা সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল, লন্ডন মুসলিম সেন্টারের সাবেক নির্বাহী পরিচালক দিলোয়ার হোসাইন খান, ব্রিটেনের বিশিষ্ট কমিউনিটি নেতা মির্জা আসহাব বেগ, সাংবাদিক আব্দুল কাদের তাপাদার এবং জিএসসি নেতা ইসবাহ উদ্দিন।
বক্তারা ব্যারিস্টার নাজির আহমদের লেখনীর ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, তাঁর এই গ্রন্থগুলো আধুনিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বইগুলোতে ব্রিটিশ আইনের সঙ্গে বাংলাদেশের আইন ও সংবিধানের তুলনামূলক বিশ্লেষণ পাঠকের জন্য বিশেষভাবে মূল্যবান হবে বলেও তারা মত প্রকাশ করেন।
সিলেট প্রেসক্লাবের পুনর্নির্বাচিত সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সিনিয়র সাংবাদিক আমজাদ হোসাইন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের সিলেট অঞ্চলের প্রধান আরব আলী, দৈনিক পূণ্যভূমির সম্পাদক, সিলেট হার্ড ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারি আবু তালিব মুরাদ, সাংবাদিক আব্দুর রাজ্জাক, সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত সহ-সভাপতি ফয়সাল আহমদ, অ্যাডভোকেট চৌধুরী আজাদুর রহমান, বাসস প্রতিনিধি সাংবাদিক শুয়াইব ইসলাম, লেখক ও শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা মিয়া, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল মুকিত, আইনজীবী মোমিনুর রহমান, পাণ্ডুলিপি প্রকাশনার প্রকাশক কবি বায়জিদ মাহমুদ ফয়সাল, সমাজসেবক আলহাজ ফারুক মিয়া, লেখক ও কবি জায়েদ আলী, অ্যাডভোকেট মশিউর রহমান চৌধুরী, ব্রিটেনের কমিউনিটি নেতা সুফি সোহেলসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।






