Home বাংলাদেশ সাতক্ষীরায় সেনাবাহিনীর পিটুনিতে ইসমাইল হোসেন নিহতের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা

সাতক্ষীরায় সেনাবাহিনীর পিটুনিতে ইসমাইল হোসেন নিহতের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা

129
0

৩০ জানুয়ারি, ২০২৬

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) সাতক্ষীরার আশাশুনি উপজেলায় হেলমেট না থাকাকে কেন্দ্র করে টহলরত সেনাবাহিনীর সদস্যদের মারধরে ইসমাইল হোসেন নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ, শোক ও তীব্র নিন্দা জানাচ্ছে।
প্রাপ্ত তথ্য ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, গতকাল আশাশুনির কাকবাশিয়া এলাকায় মোটরসাইকেলে চলাচলের সময় হেলমেট না থাকায় সেনাবাহিনীর টহল দল ইসমাইল হোসেনকে আটক করে মারধর করে বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। একজন নাগরিকের এ ধরনের মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং মানবাধিকার ও আইনের শাসনের জন্য গভীরভাবে উদ্বেগজনক।
এইচআরএসএস দৃঢ়ভাবে মনে করে, আইন প্রয়োগের নামে কোনো অবস্থাতেই বিচারবহির্ভূত সহিংসতা গ্রহণযোগ্য নয়। সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী, প্রতিটি নাগরিকের জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার সুরক্ষিত। হেলমেট না থাকা কোনোভাবেই প্রাণনাশের কারণ হতে পারে না এবং শারীরিক নির্যাতন কখনোই আইনসম্মত ব্যবস্থা হতে পারে না।
এইচআরএসএসের দাবিসমূহ:
 ঘটনার বিষয়ে দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের জন্য একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে।
 তদন্তে দায় প্রমাণিত হলে সংশ্লিষ্ট সেনাসদস্যদের বিরুদ্ধে আইনের আওতায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে হবে।
 নিহত ইসমাইল হোসেনের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ ও সার্বিক সহায়তা প্রদান করতে হবে।
 ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য মানবাধিকারভিত্তিক আচরণ ও জবাবদিহিমূলক ব্যবস্থা জোরদার করতে হবে।
এইচআরএসএস বিশ্বাস করে, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে এমন মর্মান্তিক ঘটনা বারবার ঘটতে থাকবে। তাই মানবাধিকার, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করা এখন সময়ের দাবি।

পড়ুনঃ  মাহমুদুর রহমানের ৭ দফা দাবি: ছাত্রলীগকে নিষিদ্ধের আহ্বান ও ইফতেখারুজ্জামান-দেবপ্রিয় ভট্টাচার্যের ভূমিকা নিয়ে প্রশ্ন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here