Home ধর্ম ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা: রমজানআমাদের দ্বারপ্রান্তে, আমরা কি প্রস্তুত?

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা: রমজানআমাদের দ্বারপ্রান্তে, আমরা কি প্রস্তুত?

33
0

শায়খ সৈয়দ আনিসুল হক

আল্লাহর অশেষ রহমতে আমরা আবারও এক মহান মাসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছি—বরকতময় মাস রমজান। এটি এমন এক মাস, যা ক্ষমা নিয়ে আসে, রহমত নিয়ে আসে, আর জাহান্নাম থেকে মুক্তি নিয়ে আসে।

রাসূলুল্লাহ (সা:) রমজান আগমনের পূর্বেই সাহাবায়ে কেরামকে সুসংবাদ দিতেন । তিনি বলতেন—এমন এক মাস এসেছে, যাতে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয়। এতে এমন একটি রাত রয়েছে, যা হাজার মাসের চেয়েও উত্তম।

রমজান কাছে এসেছে বলে আমরা যেন নিশ্চিত হয়ে না যাই যে আমরা অবশ্যই তা পাব। আমাদের ও রমযানের মাঝখানে এখনও কিছু সময় বাকি রয়েছে, আর সময় কারও জন্য নিশ্চিত নয়।

গত বছর যারা আমাদের পাশে ছিল, আজ অনেকেই কবরে । তারা রমজান চেয়েছিল, কিন্তু রমজান তাদের কাছে পৌঁছানোর আগেই মৃত্যু পৌঁছে গেছে।

কবরবাসীরা যদি কিছু চাইতে পারত, তারা চাইত একদিনের রমজান । কেননা মৃত্যুর পর আর কোনো আমল নেই—না নামাজ, না রোজা, না তওবা।

আল্লাহ তা’আলা বলেন, “তাদের সামনে রয়েছে এক অন্তরায়, কিয়ামতের দিন পর্যন্ত।” সেখানে মানুষ বুঝতে পারে—রমযানের মূল্য কত বড় ছিল।

রমজান শুধু একটি মাস নয়; এটি একটি সুযোগ, একটি জীবনরেখা। আমরা এখনো শ্বাস নিচ্ছি বলেই আল্লাহ তায়ালা আমাদেরকে এই সুযোগ দিচ্ছেন।

আল্লাহ তায়ালা বলেন, “হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোযা ফরজ করা হয়েছে, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। (সূরা আল-বাকারা: ১৮৩)

রমজানের লক্ষ্য ক্ষুধা নয়, ক্লান্তি নয়—বরং তাকওয়া। তাই নিজেদের জিজ্ঞেস করুন—এই রমজান আমার জীবনে কী পরিবর্তন আনবে?

রাসূল (সা:) বলেছেন—“সব আমল নিয়তের ওপর নির্ভরশীল।”


অল্প হলেও নিয়মিত আমল করুন । একটি গুনাহ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিন। একটি খারাপ অভ্যাস বন্ধ করুন। কেউ আপনাকে কটু কথা বললে তাকে বলুন—“আমি রোজাদার।”

আর মনে রাখবেন—রমজান একা কাটানোর মাস নয় । একে অপরকে আল্লাহর দিকে ডাকুন, সহযোগিতা করুন।

রাসূল (সা:) এর সেই ভয়ংকর হাদীস মনে রাখুন—যে ব্যক্তি রমজান পেয়েও ক্ষমা পায় না, তার জন্য জিবরীল (আ.) বদদোয়া করেছিলেন, আর রাসূল (সা:) তাতে “আমীন” বলেছেন।

হে আল্লাহ, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। আমাদের গুনাহ ক্ষমা করুন। এই রমযানকে আমাদের জীবনের মোড় ঘোরানো অধ্যায় বানিয়ে দিন। আমীন

শায়খ সৈয়দ আনিসুল হক : সিনিয়র ইমাম, ইস্ট লন্ডন মস্ক এন্ড লন্ডন মুসলিম সেন্টার।  শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬

পড়ুনঃ  ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here