সংহতি সাহিত্য পরিষদ আগামী ২৬ জুলাই ২০২৬ লন্ডনে আয়োজন করতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত “কবিতা উৎসব ২০২৬”—যা প্রবাসের বাংলা সাহিত্যাঙ্গনে এক অনন্য সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। পূর্ব লন্ডনের সাহিত্যনির্ভর প্রাণকেন্দ্র Mahi & Co Accountants এর কার্যালয়ে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশেষ জরুরি কার্যনির্বাহী কমিটির (ইসি) সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি আবু তাহের।
সভায় উপস্থিত ছিলেন— ইকবালুল হক, আব্দুল মুনিম জাহেদি ক্যারল, হেলাল আহমেদ, শাহেদ চৌধুরী, মোহাম্মদ ইকবাল, এম মোশাইদ খান, সৈয়দা নাজমিন হক, মিতা তাহের, কবি ইকবাল বাল্মিকী ও আবেদা সুলতানা লাকি। অপারগতার কারণে উপস্থিত থাকতে পারেননি ফারুক আহমদ রনি, ময়নুর রহমান বাবুল, রেজুয়ান মারুফ, সেলিম আহমদ ও এ কে এম আব্দুল্লাহ।
সাংগঠনিক প্রস্তুতি, প্রকাশনা কার্যক্রম এবং প্রবাসে বাংলা সাহিত্যের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গভীর আলোচনা হয়। সিদ্ধান্ত হয়, এবারের উৎসব কেবল একটি কবিতা পাঠের অনুষ্ঠান নয়; বরং এটি হবে বাংলা ভাষার আঞ্চলিক বৈচিত্র্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক বৃহৎ সম্মিলন।
জেলা ও বিভাগভিত্তিক বিশেষ সংকলন
উৎসব উপলক্ষে বাংলাদেশের প্রতিটি জেলার আঞ্চলিক ভাষায় রচিত কবিতা নিয়ে জেলা ও বিভাগভিত্তিক একটি বিশেষ সংকলন প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রত্যেক কবির কাছ থেকে নিজ নিজ জেলার উপভাষায় রচিত দুটি করে কবিতা আহ্বান করা হবে। নির্বাচিত কবিতাগুলো উৎসবের মঞ্চে দক্ষ আবৃত্তিশিল্পীদের কণ্ঠে পরিবেশিত হবে।
এই উদ্যোগের মাধ্যমে বাংলা ভাষার বহুমাত্রিক উপভাষার সৌন্দর্য, লোকজ শব্দভাণ্ডার ও সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বপরিসরে তুলে ধরাই আয়োজকদের মূল লক্ষ্য। আয়োজকদের ভাষায়, “ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি মানুষের আত্মপরিচয়ের শেকড়।”
আঞ্চলিক গান ও সাংস্কৃতিক পরিবেশনা
উৎসবে কবিতা পাঠের পাশাপাশি থাকবে বাংলাদেশের বিভিন্ন জেলার আঞ্চলিক গান ও সাংস্কৃতিক পরিবেশনা। এর মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে দেশের মাটি, ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরার একটি সেতুবন্ধন তৈরি হবে।
প্রবাসে বাংলা সাহিত্যের প্রাচীনতম সংগঠন হিসেবে পরিচিত সংহতি সাহিত্য পরিষদ দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বাংলা ভাষা ও সাহিত্যচর্চার ধারাবাহিকতা রক্ষা করে আসছে। তাদের আয়োজিত কবিতা উৎসব, সংকলন প্রকাশ, সাহিত্যসভা ও সাংস্কৃতিক কার্যক্রম প্রবাসী বাঙালির সাংস্কৃতিক পরিচয়কে সমৃদ্ধ করেছে।
সভায় আরও সিদ্ধান্ত হয় যে, বিলেতের কবি–সাহিত্যিকদের নিয়ে পরবর্তী প্রস্তুতিমূলক সভা আগামী ০২ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। আয়োজকরা প্রত্যাশা করছেন, এ উৎসব প্রবাসের বাংলা সাহিত্যাঙ্গনে নতুন মাত্রা যোগ করবে এবং ভাষার বহুস্বরিক সৌন্দর্যকে বিশ্বদরবারে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করবে।
২৬ জুলাইয়ের এই কবিতা উৎসব শুধু একটি দিনব্যাপী অনুষ্ঠান নয়; এটি প্রবাসে বাংলা ভাষার বহুমাত্রিক চর্চার এক ঐতিহাসিক অধ্যায় হয়ে উঠতে পারে। জেলা–বিভাগের উপভাষা, কবিতা, গান ও আবৃত্তির সম্মিলনে লন্ডনের মঞ্চে যেন জেগে উঠবে বাংলার নদী, মাঠ, জনপদ ও মানুষের অন্তরভাষা।
বাংলা ভাষার বহুবর্ণ ছায়ায়, প্রবাসের আকাশে—
সংহতির এই আয়োজন হোক শব্দের এক দীপ্ত উৎসব।


