-১ বছরে শুধুমাত্র এই ক্যামেরার
মাধ্যমে ৩১৬ জন গ্রেফতার
-স্থাপন করা হচ্ছে নতুন নতুন ক্যামেরা
টাওয়ার হ্যামলেটস বারার নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে কাউন্সিলের ৩ দশমিক ৮ মিলিয়ন পাউন্ডের একটি বিশাল প্রকল্পের অংশ হিসেবে চিকস্যান্ড এস্টেটে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। টাওয়ার হ্যামলেটস-এর নির্বাহী মেয়র লুৎফুর রহমান এবং কেবিনেট মেম্বার ফর সেইফার কমিউনিটিজ কাউন্সিলর আবু তালহা চৌধুরী সোমবার ভ্যালেন্স গার্ডেনের বিপরীতে লোমাস স্ট্রিটের কোণে স্থাপিত এই নতুন ক্যামেরা স্থাপন কার্যক্রম পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন।
চিকস্যান্ড এস্টেটে এ ধরনের অত্যাধুনিক ক্যামেরা এটিই প্রথম। আগামী মাসে হিউজ ম্যানশনে আরও দুটি ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে। এই নতুন ক্যামেরাগুলো কাউন্সিলের ২৪ ঘন্টা সক্রিয় নিয়ন্ত্রণ কক্ষের (কন্ট্রোল রুম) সাথে সংযুক্ত থাকবে।
এই প্রকল্পের আওতায় চলতি মাসের শেষ নাগাদ বারার দশটি এস্টেটে মোট ১২২টি নতুন ক্যামেরা বসানো হবে। এর ফলে বাসিন্দারা অত্যাধুনিক ও নির্ভরযোগ্য নজরদারির আওতায় আসবেন। এরপর আগামী কয়েক মাসের মধ্যে আরও ১৬ টি এস্টেটে ৩৫২টি ক্যামেরা পরীক্ষা ও আধুনিকায়নের জন্য নির্ধারিত আছে। সব মিলিয়ে ১০০০ -এর বেশী সিসিটিভি ক্যামেরা সক্রিয় থাকবে বারার শান্তি ও নিরাপত্তায়।
কাউন্সিলের তথ্য অনুযায়ী, গত এক বছরে শুধুমাত্র এই ক্যামেরার মাধ্যমে ৩১৬ জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, যা এই উদ্যোগের সাফল্যের প্রমাণ দেয়।
এদিকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এন্টি-সোশ্যাল বিহেভিয়ার (এএসবি) বা অসামাজিক আচরণ দমন এবং বারায় ক্রমবর্ধমান আবাসন চাপ মোকাবেলায় দুটি বড় নতুন পরিকল্পনা উন্মোচন করা হয়েছে। এতে নিরাপত্তা বাড়ানো, আবাসন মান উন্নত করা এবং স্থানীয় কমিউনিটির জন্য সহায়তা জোরদার করতে কঠোর ব্যবস্থা নির্ধারণ করা হয়েছে। আইল অব ডগস-এর জুট হাউসে এই কৌশলপত্র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান, ডেপুটি মেয়র মাইয়ুম তালুকদার, কেবিনেট মেম্বার ফর সেইফার কমিউনিটিজ কাউন্সিলর আবু তালহা চৌধুরী ও স্থানীয় বাসিন্দারা।






