গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন বাফেলো শাখার উদ্যোগে এক উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব এবং এলবি ২৪-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারলের বাফেলো আগমন উপলক্ষে গত ১৪ এপ্রিল এই সংবর্ধনা প্রদান করা হয়।
আলোচনা সভায় সংবর্ধিত অতিথি ক্যারল বলেন, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন বিশ্বব্যাপী জালালাবাদবাসীকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন দেশে সংগঠনটির কার্যক্রম ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। তিনি এই মহতী উদ্যোগের জন্য সংগঠনের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, বিশ্বের যেখানেই বাংলাদেশি সম্প্রদায় রয়েছে, সেখানে ঐক্যবদ্ধ হয়ে মানবকল্যাণে এবং দেশের স্বার্থে কাজ করার উদ্দেশ্যেই জালালাবাদ অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে।
অনুষ্ঠানে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন বাফেলো শাখার কার্যকরী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন সভাপতি মোক্তাদির হোসেন মিসবাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমদ নাজমুল, সহ-সভাপতি জামাল উদ্দিন, মোস্তাফিজুর রহমান মুরাদ ও শোয়েব মিয়া, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, সহ-সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমদ এবং প্রচার সম্পাদক মুশফিক রাহাত।
এছাড়া উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. আজাদ চৌধুরী, কামরুল সিরাজী, ইকবাল আহমদ এবং শামসুজ্জামান কবির।
সার্বিকভাবে অনুষ্ঠানটি ছিল অত্যন্ত প্রাণবন্ত ও সফল, যা প্রবাসে বসবাসরত জালালাবাদবাসীর মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করেছে।


