লন্ডন, ২১ এপ্রিল: যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম ক্রীড়া আয়োজন সাউন্ডটেক কেরেম ক্লাব ইউকে আয়োজিত অষ্টম ক্যারাম গোল্ডকাপের উদ্বোধনী অনুষ্ঠান গত ২০ এপ্রিল সোমবার রাত ১০টায় ক্লাবের নিজস্ব ভেন্যুতে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউন্ড টেক ক্যারাম ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা আব্দুর রহমান খান সুজা এবং সঞ্চালনা করেন আব্দুল বাছির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্পিকার আহবাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল লতিফ নিজাম, সভাপতি, ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে।
সভাপতির শুভেচ্ছা বক্তব্যে জানানো হয়, ২০১৮ সাল থেকে এই গোল্ডকাপ আয়োজন করা হচ্ছে। শুরু থেকে যে নিয়ম চালু ছিল তা ২০২৪ সাল পর্যন্ত বহাল ছিল, তবে এরপর থেকে নতুন নিয়ম প্রবর্তন করা হয়েছে, যা ২০২৬ সালের এই আসরে কার্যকর হবে।
এবারের টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশগ্রহণ করছে। আগামী ২৬ এপ্রিল রবিবার সন্ধ্যা ৭টায় প্রতিযোগিতার মূল খেলা শুরু হবে বলে ঘোষণা দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের সভাপতি ও আমন্ত্রিত অতিথিরা আনুষ্ঠানিকভাবে গোল্ডকাপের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক খেলোয়াড় ও দর্শক উপস্থিত ছিলেন। হলটি ছিল কানায় কানায় পূর্ণ। অতিথিরা ক্লাবের এমন বৃহৎ আয়োজনের প্রশংসা করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।
উদ্বোধনী দিনে গোল্ডকাপের প্রথম ও দ্বিতীয় রাউন্ডের ড্র অনুষ্ঠিত হয়। ব্রিটেনের মাটিতে এত বড় আয়োজন সফলভাবে সম্পন্ন করার জন্য আয়োজক আব্দুর রহমান খান সুজা-কে বিশেষভাবে প্রশংসা করা হয়।
শেষে সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।





