মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) রাজধানীর শাহবাগ থানার ভেতরে ও আশপাশে সাংবাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ এবং ডাকসু নেতাদের ওপর সংঘটিত হামলার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করছে। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, এ ঘটনায় অন্তত ১০ জন সাংবাদিক ও বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছেন এবং কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
এইচআরএসএস মনে করে, সাংবাদিকদের ওপর হামলা শুধু ব্যক্তির ওপর আক্রমণ নয়—এটি স্বাধীন গণমাধ্যম, তথ্য জানার অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। একইভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের নির্বাচিত ছাত্রনেতাদের ওপর হামলা গণতান্ত্রিক চর্চা, ছাত্ররাজনীতি ও ক্যাম্পাসে মতভিন্নতার সহনশীল পরিবেশের জন্য হুমকিস্বরূপ।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতির মধ্যেই থানার ভেতরে এমন সহিংসতার অভিযোগ উঠেছে। যদি কোনো নাগরিক থানার মতো নিরাপদ স্থানে গিয়েও নিরাপত্তা না পান, তবে তা আইনের শাসন ও জননিরাপত্তা ব্যবস্থার জন্য অশনিসংকেত।
এইচআরএসএস সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছে যে, ঘটনার অবিলম্বে নিরপেক্ষ, স্বচ্ছ ও বিচারিক তদন্ত করতে হবে। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। আহত সাংবাদিক ও শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয় এলাকায় সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং ক্যাম্পাসে রাজনৈতিক সহিংসতা রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এইচআরএসএস স্পষ্টভাবে বলতে চায়, মতবিরোধের জবাব কখনো সহিংসতা হতে পারে না। গণতান্ত্রিক সমাজে সংলাপ, আইন ও যুক্তিই হওয়া উচিত বিরোধ নিষ্পত্তির পথ। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে ভবিষ্যতে এ ধরনের হামলা আরও বাড়বে এবং সমাজে দায়মুক্তির সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে। এইচআরএসএস অবিলম্বে ন্যায়বিচার, নিরাপত্তা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে।




