বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে প্রার্থিতা বাতিলের প্রতিবাদ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে যুক্তরাজ্যস্থ বাংলাদেশি আইনজীবীবৃন্দ বুধবার, ২৯ এপ্রিল, লন্ডন বাংলা প্রেসক্লাবে এক প্রেস কনফারেন্সের আয়োজন করেন।
বক্তারা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, সুপ্রিম কোর্ট বার দখলকারী অবৈধ এডহক কমিটি তাদের স্বৈরাচারী ও প্রহসনমূলক ক্ষমতার অপব্যবহার করে বৈধ এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রার্থীদের মনোনয়ন বাতিল করেছে। এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন, অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক।
আগামী ১৩ ও ১৪ মে ২০২৬ তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থীরা গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত ফরম সংগ্রহ, পূরণ এবং প্রস্তাবক ও সমর্থকদের স্বাক্ষরসহ যথাযথভাবে জমা দেন। অর্থাৎ, নির্বাচন সংক্রান্ত সকল বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হয়েছে।
কিন্তু ২৮ এপ্রিল ২০২৬ তারিখে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে সংশ্লিষ্ট প্রার্থী, প্রস্তাবক ও সমর্থকরা উপস্থিত থাকা সত্ত্বেও নির্বাচন সাব-কমিটির আহ্বায়ক ও সদস্যবৃন্দ কোনো আইনসম্মত বা গ্রহণযোগ্য কারণ ছাড়াই একে একে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল প্রার্থীর প্রার্থিতা বাতিল ঘোষণা করেন।
বক্তারা আরও বলেন, গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন সাব-কমিটির ক্ষমতা সীমিত। তাদের দায়িত্ব কেবলমাত্র প্রার্থীদের প্রাথমিক যোগ্যতা যাচাই করা, যেমন—
* প্রার্থী বৈধ সদস্য কিনা
* কোনো আর্থিক দায়বদ্ধতা আছে কিনা
* প্রস্তাবক ও সমর্থকরা বিধি অনুযায়ী আছেন কিনা
উল্লিখিত শর্তগুলো পূরণ হওয়ার পর কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল করার এখতিয়ার তাদের নেই। কিন্তু বাস্তবে দেখা গেছে, গঠনতন্ত্র ও বিধিমালার পরিপন্থী হয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্দিষ্ট মতাদর্শের বাইরে থাকা প্রার্থীদের প্রার্থিতা বাতিল করা হয়েছে এবং পক্ষপাতদুষ্টভাবে নির্দিষ্ট গোষ্ঠীর প্রার্থীদের বৈধ ঘোষণা করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বেআইনি, অগণতান্ত্রিক এবং নজিরবিহীন।
বক্তারা আরও বলেন, এই এডহক কমিটির মাধ্যমে পরিচালিত প্রহসনমূলক নির্বাচন সুপ্রিম কোর্টের ৭৭ বছরের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি দেশের বিচারব্যবস্থা, আইনের শাসন এবং গণতান্ত্রিক কাঠামো রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই সমিতির বহু বরেণ্য আইনজীবী ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐতিহাসিক অবদান রেখেছেন। সেই প্রতিষ্ঠানের নির্বাচন প্রক্রিয়াকে এভাবে প্রশ্নবিদ্ধ করা অত্যন্ত উদ্বেগজনক।
বক্তারা এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
একই সঙ্গে তারা জোর দাবি জানান—
অবিলম্বে বাতিলকৃত সকল প্রার্থীর প্রার্থিতা পুনর্বহাল করতে হবে এবং একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে।
ন্যায়বিচার, আইনের শাসন এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার স্বার্থে তারা তাদের অবস্থান দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন:
ব্যারিস্টার স ম রেজাউল করিম
ব্যারিস্টার মহিউদ্দিন আহমেদ
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিল্টন
ব্যারিস্টার ও সলিসিটার জিন্নাত আলী
ব্যারিস্টার ও সলিসিটার কামাল হোসাইন
ব্যারিস্টার দুলাল মিয়া
ব্যারিস্টার আল আমিন
ব্যারিস্টার আশরাফ চৌধুরী
সলিসিটার শহিদুল ইসলাম
জনাব সিরাজুল ইসলাম
ব্যারিস্টার ও সলিসিটার সুমন মিয়া
ব্যারিস্টার নাজমুল ইসলাম
অ্যাডভোকেট আল আমিন
ব্যারিস্টার মাসুদ আক্তার
সলিসিটার জাহাঙ্গীর আলম
ড. আনিসুর রহমান
ব্যারিস্টার তৌহিদুল ইসলাম
জনাব নাইমুল হোসাইন
অ্যাডভোকেট ইমরান হোসাইন।
Home কমিউনিটি প্রেস ব্রিফিং: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে প্রার্থিতা বাতিলের প্রতিবাদ ও সুষ্ঠু...


