আহমেদ উস সামাদ চৌধুরী জেপি’র জীবনীভিত্তিক গ্রন্থ “A Man of Action” এর প্রকাশনা অনুষ্ঠান সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা গত মঙ্গলবার, ১৯ মে সন্ধ্যা ৭টায় চানেল এস বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। সভায় বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজনের জন্য ১৫ সদস্যবিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন চানেল এস ও ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেট ইউকে কমিটির চেয়ারম্যান, ফ্রিম্যান অব দ্য সিটি অব লন্ডন খেতাবে ভূষিত জনাব আহমেদ উস সামাদ চৌধুরী জেপি। তিনি উপস্থিত সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
সভায় জানানো হয়, আহমেদ উস সামাদ চৌধুরীকে নিয়ে রচিত গ্রন্থটির বাংলা সংস্করণও শিগগিরই বাংলাদেশ থেকে প্রকাশিত হবে এবং বাংলাদেশে এ উপলক্ষে একটি অনাড়ম্বর অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। বইটির বাংলা অনুবাদের দায়িত্ব পালন করছেন তৌহিদ শাকিল।
গত প্রায় ৫০ বছর ধরে ব্রিটেনে বাঙালি কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে আহমেদ উস সামাদ চৌধুরীর উল্লেখযোগ্য অবদানের কথা সভায় তুলে ধরা হয়। ব্রিস্টল শাহজালাল জামে মসজিদসহ বিভিন্ন ধর্মীয়, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দাতব্য প্রতিষ্ঠানের সঙ্গে তিনি সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। শুধু যুক্তরাজ্যেই নয়, বাংলাদেশেও পারিবারিকভাবে প্রতিষ্ঠিত মরহুম দেলোয়ার হোসেন চৌধুরী মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেট, সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল, সিলেট লিভার ফাউন্ডেশনসহ বহু প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এসব অবদানের ইতিহাস তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর উপ-কমিটির সদস্যরা গুরুত্বারোপ করেন।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ১৬ জুন মঙ্গলবার সন্ধ্যা ৬টায় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানের শুরুতে সবাইকে স্বাগত জানান সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি ও পিস হোমের প্রতিষ্ঠাতা মিছবাহ জামাল এবং চানেল এস-এর সিনিয়র নিউজ প্রেজেন্টার, সাহিত্যিক ও বিশিষ্ট আবৃত্তিকার তৌহিদ শাকিল। তাঁরা বইটির প্রেক্ষাপট ও উদ্দেশ্য সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
সভায় খোলামেলা মতামত ব্যক্ত করেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ জুবায়ের, বর্তমান সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী, সাধারন সম্পাদক মোহাম্মদ আকরামুল হোসেন, গবেষক ফারুক আহমেদ, সিনিয়র সাংবাদিক আব্দুল মুনিম জাহেদি ক্যারল, চানেল এস নিউজ এডিটর ও সিনিয়র প্রেজেন্টার রুপি আমিন, রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিন, সিনিয়র নিউজ রিপোর্টার ও “মৃধা শো”র উপস্থাপক রেজাউল করিম মৃধা, নতুনদিন অনলাইন-এর সম্পাদক পলি রহমান, কবি হাফসা ইসলাম, লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির ক্যারিয়ার অ্যাডভাইজার মুহি মিকদাদ এবং সমাজকর্মী মোঃ আলাউদ্দিন।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, অনুষ্ঠানটি শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আয়োজন করা হবে। বিশেষ করে বিলেতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের তরুণ-তরুণী ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ বিষয়ে বিশেষ মতামত প্রদান করেন মুহাম্মদ জুবায়ের ও ব্যারিস্টার তারেক চৌধুরী। অনুষ্ঠানে মিডিয়া সহযোগিতার আশ্বাসও দেন তারা। এ লক্ষ্যে মুহি মিকদাদকে বিশেষ দায়িত্ব প্রদান করা হয়।
হলের ধারণক্ষমতার কথা বিবেচনায় রেখে আপাতত প্রায় ১৫০ জন আমন্ত্রিত অতিথিকে নিয়ে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং উপ-কমিটির সদস্যদের মধ্যে বিভিন্ন দায়িত্ব বণ্টন করা হয়।
অনুষ্ঠানটি বাংলা ও ইংরেজি—উভয় ভাষায় উপস্থাপিত হবে।
অনুষ্ঠানসংক্রান্ত বিস্তারিত তথ্য “A Man of Action Book Launching Programme” গ্রুপে জানানো হবে।
Home কমিউনিটি এ ম্যান অব অ্যাকশন”আহমেদ উস সামাদ চৌধুরী জেপি’র বায়োগ্রাফিমূলক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান...






