লন্ডন থেকে: যুক্তরাজ্যের ব্রিটিশ-বাংলাদেশি মুসলিম কমিউনিটিকে দীর্ঘ ২৩ বছর ধরে হজ্জ সেবা প্রদান করে আসছে ব্রিটেনের অন্যতম প্রাচীন হজ্জ এজেন্সি আল কিবলাহ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। প্রতিষ্ঠানটির মাধ্যমে এ পর্যন্ত ১৯ হাজারেরও বেশি মুসলিম পবিত্র হজ্জ পালন করেছেন।
রোববার দুপুরে পূর্ব লন্ডনের হার্কনেস কমিউনিটি সেন্টারে আয়োজিত হজ্জ পুনর্মিলনী অনুষ্ঠানে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক আলহাজ খান।
তিনি বলেন, ২০০৩ সালে আল কিবলাহ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ২০০৮ সাল থেকে প্রতিবছর হজ্জফেরত হাজীদের সম্মানে হজ্জ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে আসছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে হজ্জ পালনকারী হাজীরা তাদের পবিত্র হজ্জের অভিজ্ঞতা ও অনুভূতি সবার সঙ্গে ভাগ করে নেন। পাশাপাশি প্রতিষ্ঠানটির সেবার মান সম্পর্কে মতামত ও মূল্যবান পরামর্শ প্রদান করেন।
আলহাজ খান বলেন, গ্রাহকদের মতামত ও অভিজ্ঞতা শোনার মাধ্যমে সেবার মানোন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব। এ ধরনের পুনর্মিলনী আয়োজন হাজীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং ভবিষ্যৎ হজ্জযাত্রীদের জন্যও ইতিবাচক দিকনির্দেশনা হিসেবে কাজ করে।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক হজ্জফেরত হাজী, তাদের পরিবারের সদস্য এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






