লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্টাফ অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) লন্ডনের এক্সেল সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুতফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে কাউন্সিলের বিভিন্ন বিভাগে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের অসামান্য কর্মদক্ষতা, নিষ্ঠা, উদ্ভাবনী উদ্যোগ এবং জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এ সময় কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন বিভাগের কর্মী, সম্মানিত অতিথি এবং তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাফল্য ও জনসেবার মানোন্নয়নে কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, পেশাদারিত্ব এবং দলগত কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের এই অনন্য অবদানকে স্বীকৃতি ও উৎসাহিত করতেই প্রতিবছর এ ধরনের স্টাফ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি নির্বাহী মেয়র লুতফুর রহমান পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, কর্মীদের আন্তরিকতা, উদ্ভাবনী চিন্তা ও জনসেবার প্রতি অঙ্গীকারই কাউন্সিলকে আরও কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি ভবিষ্যতেও একই নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে জনগণের সেবায় কাজ করে যাওয়ার আহ্বান জানান।
উৎসবমুখর পরিবেশ, করতালি এবং সহকর্মীদের উচ্ছ্বসিত অংশগ্রহণের মধ্য দিয়ে স্টাফ অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।






