Home কমিউনিটি তরুণের মর্মান্তিক মৃত্যুর পর ‘ওয়াটার সেফটি’ সচেতনতায় সক্রিয় টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

তরুণের মর্মান্তিক মৃত্যুর পর ‘ওয়াটার সেফটি’ সচেতনতায় সক্রিয় টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

42
0

লন্ডন: উন্মুক্ত জলাশয়ে এক তরুণের মর্মান্তিক মৃত্যুর পর শিশু, তরুণ-তরুণী ও পরিবারগুলোর মধ্যে পানি নিরাপত্তা বা ‘ওয়াটার সেফটি’ বিষয়ে সচেতনতা বাড়াতে কার্যক্রম জোরদার করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। বিশেষ করে প্রচণ্ড গরমের সময়ে খোলা জলাশয়ে সাঁতার কাটার ঝুঁকি সম্পর্কে বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

কাউন্সিল বলেছে, গরম আবহাওয়ায় শরীর সুস্থ ও নিরাপদ রাখতে পর্যাপ্ত পানি পান, শরীর ঠান্ডা রাখা এবং যতটা সম্ভব ছায়াযুক্ত বা শীতল স্থানে অবস্থান করা জরুরি। একই সঙ্গে গরম থেকে স্বস্তি পেতে অননুমোদিত জলাশয়ে নেমে পড়ার প্রবণতা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে, অনুমোদনহীন জলাশয়, খোলা খাল, শ্যাডওয়েল বেসিন কিংবা অন্য কোনো উন্মুক্ত জলাশয়ে সাঁতার কাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এসব স্থানে পানির গভীরতা সম্পর্কে আগে থেকে ধারণা করা কঠিন হতে পারে। একই সঙ্গে পানির নিচে লুকিয়ে থাকা বস্তু, স্রোত এবং হঠাৎ ঠান্ডা পানির সংস্পর্শে ‘কোল্ড ওয়াটার শক’-এর মতো পরিস্থিতি তৈরি হতে পারে, যা গুরুতর দুর্ঘটনা এমনকি মৃত্যুর কারণ হতে পারে।

মর্মান্তিক দুর্ঘটনায় নিহত তরুণের পরিবারের সঙ্গে দেখা করেছেন টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন চিলড্রেন’স সার্ভিসেস বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলর ফয়সাল আহমেদ। তাঁরা নিহত তরুণের বাবা-মা ও স্বজনদের সঙ্গে সময় কাটান এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকাহত পরিবারের প্রতি সংহতি জানিয়ে মেয়র ও কাউন্সিলর ফয়সাল আহমেদ তাঁদের আশ্বস্ত করেন যে, এই কঠিন সময়ে পরিবারটি একা নয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা এড়াতে উন্মুক্ত জলাশয়ে সাঁতারের বিপদ সম্পর্কে কমিউনিটিজুড়ে আরও ব্যাপক সচেতনতা তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন মেয়র।

মেয়র লুৎফুর রহমান বলেন, “আমাদের কমিউনিটি, সংশ্লিষ্ট জমির মালিক, স্কুল, স্থানীয় সংগঠন ও অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করে পানি নিরাপত্তা বিষয়ে সচেতনতা আরও বাড়াতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য—আর কোনো পরিবার যেন এমন হৃদয়বিদারক ক্ষতির সম্মুখীন না হয়।”

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বলেছে, শিশু ও তরুণদের কাছে পানি নিরাপত্তার বার্তা পৌঁছে দিতে পরিবার, স্কুল, স্থানীয় সংগঠন এবং বৃহত্তর কমিউনিটির সম্মিলিত ভূমিকা গুরুত্বপূর্ণ। কাউন্সিল তাই বাসিন্দাদের নিজ নিজ পরিবার, বন্ধু ও পরিচিতজনদের মধ্যে ‘ওয়াটার সেফটি’র গুরুত্বপূর্ণ বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে।

কাউন্সিলের বার্তা—গরমের সময়ে উন্মুক্ত জলাশয় আকর্ষণীয় মনে হলেও মুহূর্তের একটি ভুল সিদ্ধান্ত ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। বিপরীতে, ঝুঁকি সম্পর্কে সচেতন থেকে সঠিক সময়ে নেওয়া একটি সঠিক সিদ্ধান্ত একটি জীবন বাঁচাতে পারে।

পড়ুনঃ  তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী  উদযাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here