লন্ডন: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও জমজমাট প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে লন্ডন বাংলা প্রেসক্লাব আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট। রবিবার (৩০ আগস্ট) ইলফোর্ডের Goodmayes Park Cricket Ground, Ilford, IG3 9PG-এ দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে BBT/CW Media চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে এবং রানার-আপ: Online Warriors।
বৃটেনে বসবাসরত বাংলাদেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এ ক্রিকেট টুর্নামেন্টে দিনব্যাপী ছিল আনন্দ, উচ্ছ্বাস ও প্রতিযোগিতার আমেজ। মাঠে খেলোয়াড়দের নৈপুণ্য, দারুণ প্রতিদ্বন্দ্বিতা ও প্রাণবন্ত লড়াই উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।
ফাইনালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে BBT/CW Media চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে ৫০০ পাউন্ডের চেক ও ট্রফি তুলে দেওয়া হয়। এছাড়াও ব্যক্তিগত ক্যাটাগরিতে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে যারা বিজয়ী হয়েছেন, তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক তারেক চৌধুরী বলেন, “সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরও দৃঢ় হয়। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
টুর্নামেন্টকে ঘিরে লন্ডনের বাংলাদেশি কমিউনিটিতেও ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়। দিনব্যাপী ক্রিকেট আয়োজনটি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের মিলনমেলায় পরিণত হয়। খেলাধুলার মধ্য দিয়ে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।






