সিলেটের গোলাপগঞ্জে বরায়া উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আবুল কালামকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ১৩ সেপ্টেম্বর রবিবার বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বরায়া উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য এবং হেল্পিং হ্যান্ডস ইউকের সাবেক সভাপতি আবুল কালামের শিক্ষা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ এ সংবর্ধনার আয়োজন করা হয়।
দশম শ্রেণির শিক্ষার্থী তাহিয়া বেগমের কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির উদ্দেশে মানপত্র পাঠ করেন শিক্ষার্থী সুভা তাবাসসুম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোলাপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মো. গোলাম রব্বানী মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো. জামাল উদ্দিন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক আজমল হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম রব্বানী মজুমদার বলেন, আবুল কালাম ২০ বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসায় আর্থিকভাবে সহযোগিতা করে আসছেন। তাঁর এই দানশীলতা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি ভবিষ্যতেও আবুল কালাম তাঁর দানশীলতা অব্যাহত রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে আবুল কালাম বিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বরায়া উচ্চ বিদ্যালয়ের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে সম্মানিত করায় তিনি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছেন। এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীসহ সবাইকে তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে আবুল কালাম বলেন, জীবনে সফল হতে হলে শিক্ষার পাশাপাশি সততা, শৃঙ্খলা, পরিশ্রম ও নৈতিক মূল্যবোধকে গুরুত্ব দিতে হবে। শুধু পরীক্ষায় ভালো ফলাফল করাই শিক্ষার মূল উদ্দেশ্য নয়; একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবনে যেকোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে তিনি পাশে থাকবেন। শিক্ষার্থীদের এগিয়ে যেতে সহযোগিতা করতে তিনি সবসময় আন্তরিকভাবে কাজ করবেন বলেও প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে বক্তারা আবুল কালামের শিক্ষা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান শাহিন, রাজনৈতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ মামুন, বিদ্যালয়ের সাবেক সভাপতি আজির উদ্দিন, গোলাম আজম শায়েস্তা, জনাব আনোয়ার, দেলোয়ার হোসেন ও মোহাম্মদ মনিরুজ্জামান।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষা ও সমাজকল্যাণে অবদান রাখা আবুল কালামের প্রতি বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।






