টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আর্থিক স্থিতিশীলতা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং আর্থিক প্রতিবেদন প্রক্রিয়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ দুর্বলতা এখনো রয়ে গেছে বলে জানিয়েছে কাউন্সিলের বহিঃনিরীক্ষক প্রতিষ্ঠান আর্নস্ট অ্যান্ড ইয়ং—ইওয়াই (EY)।
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের অডিট কমিটির সভায় ইওয়াই-এর ২০২৫/২৬ অর্থবছরের অন্তর্বর্তী ‘ভ্যালু ফর মানি’ প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। সভায় ইওয়াই পার্টনার স্টিফেন রিড জানান, আগের বছর চিহ্নিত ১০টি উল্লেখযোগ্য দুর্বলতার মধ্যে চারটি Statutory Recommendation এখনো নিষ্পত্তি হয়নি। এর পাশাপাশি কাউন্সিলের আর্থিক স্থায়িত্বকে ঘিরে নতুন একটি উল্লেখযোগ্য ঝুঁকিও শনাক্ত করা হয়েছে।
ইওয়াই বলেছে, বিভিন্ন ক্ষেত্রে কাউন্সিল সংশোধনমূলক ব্যবস্থা নিয়েছে, তবে এসব উদ্যোগের অনেকগুলোই ২০২৫/২৬ অর্থবছরের শেষ দিকে বাস্তবায়িত হওয়ায় সেগুলো কার্যকরভাবে কাজ করছে কি না, তা পর্যাপ্ত সময় ধরে যাচাই করা সম্ভব হয়নি। ফলে Annual Governance Statement সংক্রান্ত একটি ক্ষেত্র ছাড়া আগের বছরের অধিকাংশ পর্যবেক্ষণ বহাল রাখা হয়েছে।
সভায় সবচেয়ে বেশি গুরুত্ব পায় কাউন্সিলের আর্থিক পরিস্থিতি। ২০২৫/২৬ অর্থবছরে ভারসাম্যপূর্ণ বাজেট প্রণয়ন করা হলেও প্রথম প্রান্তিকেই প্রায় ১৪ দশমিক ৭ মিলিয়ন পাউন্ড নিট অতিরিক্ত ব্যয়ের পূর্বাভাস দেওয়া হয়। এ ঘাটতি সামাল দিতে প্রায় ৫ দশমিক ৭ মিলিয়ন পাউন্ড রিজার্ভ থেকে ব্যবহারের প্রয়োজন দেখা দেয়। ইওয়াই বলেছে, আগের অর্থবছরেও একই ধরনের পরিস্থিতি দেখা যাওয়ায় বাজেট প্রণয়ন ও আর্থিক পূর্বাভাসের ভিত্তি কতটা শক্তিশালী, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
২০২৬/২৭ অর্থবছরের শুরুতেও প্রায় ১৯ দশমিক ২ মিলিয়ন পাউন্ড নিট অতিরিক্ত ব্যয়ের পূর্বাভাস পাওয়া গেছে। এ অবস্থায় Medium Term Financial Strategy বা MTFS-এ নির্ধারিত আর্থিক পথ এবং ভবিষ্যতে রিজার্ভ পুনর্গঠনের পরিকল্পনা বাস্তবসম্মত কি না, তা নিয়েও ইওয়াই উদ্বেগ প্রকাশ করেছে।
কাউন্সিল ২০২৫/২৬ অর্থবছরে ২৪ দশমিক ৪ মিলিয়ন পাউন্ড সাশ্রয়ের পরিকল্পনা নিয়েছিল, যার একটি বড় অংশ শূন্যপদ বা vacant posts-এর ওপর নির্ভরশীল ছিল। ২০২৬/২৭ সালের জন্য সাশ্রয়ের লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে প্রায় ৬৮ দশমিক ৮ মিলিয়ন পাউন্ড। তবে এসব সাশ্রয় পুরোপুরি অর্জিত হবে কি না, সে বিষয়ে ঝুঁকি রয়েছে বলে উল্লেখ করেছে ইওয়াই।
কাউন্সিলের পরিবর্তিত Minimum Revenue Provision বা MRP নীতিও অডিটরের সমালোচনার মুখে পড়ে। ইওয়াইয়ের মতে, সংশোধিত নীতিটি যথেষ্ট সতর্ক বা prudent পদ্ধতি নয়, কারণ এর ফলে বর্তমান ব্যয়ের একটি অংশ ভবিষ্যৎ বাজেটের ওপর চলে যেতে পারে। এই পরিবর্তনের ফলে ২০২৫/২৬ সালে কাউন্সিল স্বল্পমেয়াদে প্রায় ৭ দশমিক ৭ মিলিয়ন পাউন্ডের সুবিধা পেয়েছে, যা earmarked reserves-এ স্থানান্তর করা হয়েছে।
অডিট প্রতিবেদনে সময়মতো এবং নির্ভরযোগ্য আর্থিক হিসাব প্রকাশের ব্যবস্থাতেও উল্লেখযোগ্য দুর্বলতা চিহ্নিত করা হয়েছে। যদিও কাউন্সিল অতিরিক্ত জনবল ও বহিরাগত সহায়তা নিয়েছে এবং ২০২৫/২৬ সালের Financial Statements ও Annual Governance Statement সময়মতো প্রকাশ করেছে, তবু বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক ক্ষেত্র সম্পূর্ণ অডিট প্রক্রিয়ার আওতায় আসেনি। কাউন্সিল ২০২৮/২৯ সালের মধ্যে একটি unqualified audit opinion অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে।
অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও ঝুঁকি ব্যবস্থাপনাতেও দুর্বলতার কথা বলা হয়েছে। ২০২৫/২৬ সালের Head of Internal Audit Opinion-এ কাউন্সিলকে Limited Assurance দেওয়া হয়েছে। অডিটরের মতে, গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণব্যবস্থার দুর্বলতা এবং ব্যবস্থাপনার পক্ষ থেকে সুপারিশ বাস্তবায়নে ধীরগতি এখনো উদ্বেগের কারণ।
অভ্যন্তরীণ তদন্ত পরিচালনার ক্ষেত্রেও সমস্যা রয়েছে। ‘Project Winter/Autumn’ এবং ‘Operation NextWage’ নামে দুটি গুরুত্বপূর্ণ তদন্তের ফল এখনো সদস্যদের সামনে উপস্থাপিত হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। Investigations Team-এর কাজ নিয়েও একটি বহিরাগত পর্যালোচনা চলছে।
Procurement এবং Contract Management-এও উল্লেখযোগ্য দুর্বলতা রয়ে গেছে। যদিও নতুন ডিজিটাল waiver ব্যবস্থা, প্রশিক্ষণ এবং contract monitoring পদ্ধতি চালু করা হয়েছে, ইওয়াই বলেছে—ক্রয়, চুক্তি ব্যবস্থাপনা এবং payment controls-এর ক্ষেত্রে বেশ কিছু মৌলিক সমস্যা এখনো পুরোপুরি সমাধান হয়নি।
Audit Committee-এর কার্যকারিতা এবং Internal Audit function-কেও উল্লেখযোগ্য দুর্বলতার ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। অডিট কমিটির কার্যকারিতা নিয়ে Local Government Association—LGA-এর একটি বহিরাগত পর্যালোচনা ২০২৬ সালের অক্টোবরে হওয়ার কথা রয়েছে।
একই সঙ্গে Chief Executive, Monitoring Officer এবং Section 151 Officer-কে নিয়ে গঠিত তথাকথিত ‘Golden Triangle’-এর সক্ষমতা নিয়েও অডিটর উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষ করে Section 151 Officer পদে দীর্ঘ সময়ের অস্থিরতা এ ব্যবস্থার কার্যকারিতায় প্রভাব ফেলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বর্তমানে সরকারের Statutory Best Value Intervention-এর আওতায় রয়েছে। ইওয়াই জানিয়েছে, কিছু ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি দেখা গেলেও সরকারের নিযুক্ত Envoys দ্রুত বাস্তবায়ন এবং দৃশ্যমান ফলাফলের ওপর জোর দিয়েছেন। দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করতে কয়েকটি ক্ষেত্রে ‘Deep Dive’ পর্যালোচনাও চলছে।
সামাজিক আবাসন নিয়েও অডিট রিপোর্টে উদ্বেগ রয়েছে। Regulator of Social Housing-এর পর্যবেক্ষণের জবাবে কাউন্সিল বিভিন্ন পদক্ষেপ নিলেও ২০২৫/২৬ অর্থবছরে নতুন governance arrangements পর্যাপ্ত সময় ধরে কার্যকর ছিল না বলে ইওয়াই জানিয়েছে।
অন্যদিকে Treasury Management Outturn Report-এ কিছু ইতিবাচক চিত্রও উঠে এসেছে। কাউন্সিল প্রয়োজনের তুলনায় কম ঋণ নিয়ে বা ‘under-borrowed’ অবস্থান বজায় রাখায় সুদ ব্যয় কমেছে এবং উচ্চ স্বল্পমেয়াদি সুদের হারের কারণে বিনিয়োগ থেকে বাজেটের তুলনায় প্রায় ১ দশমিক ৭ মিলিয়ন পাউন্ড অতিরিক্ত আয় হয়েছে। তবে সুদের হার উল্লেখযোগ্যভাবে বেড়ে গেলে এই under-borrowing ভবিষ্যতে refinancing risk তৈরি করতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
২৪ সেপ্টেম্বরের সভায় Independent Chair Barry Quirk-এর নেতৃত্বে অডিট কমিটির সদস্যরা এসব প্রতিবেদন পর্যালোচনা করেন। বৈঠকে কাউন্সিলের আর্থিক পুনরুদ্ধার, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ শক্তিশালী করা এবং বহিঃনিরীক্ষকের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি ভবিষ্যতেও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার বিষয়ে আলোচনা হয়।






