লন্ডন প্রতিনিধি: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সামাজিক যোগাযোগমাধ্যম এবং ডিজিটাল যুগে সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়ে লন্ডনে দিনব্যাপী ‘মিডিয়া ট্রেনিং ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
লন্ডন বাংলা প্রেসক্লাবের উদ্যোগে রোববার (৪ অক্টোবর) পূর্ব লন্ডনের আল-খায়ের হলে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকতার পরিবর্তিত চ্যালেঞ্জ, এআইয়ের ব্যবহার, সংবাদ যাচাই, সংবাদ লেখা ও উপস্থাপনার কৌশল এবং ডিজিটাল সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয়।
লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আলাউর রহমান খান শাহিনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি তারেক চৌধুরী, সাধারণ সম্পাদক আকরাম হোসাইন, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ এবং ভাইস প্রেসিডেন্ট আহাদ চৌধুরী বাবু।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাংবাদিকতা বিষয়ে অভিজ্ঞ মাসুদ হাসান খান, সামাজিক যোগাযোগমাধ্যম ও তথ্য যাচাই বিষয়ে আ স ম মাসুম, সংবাদ লেখা ও উপস্থাপনা বিষয়ে বুলবুল হাসান এবং এআইয়ের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ড. মো. মোস্তাফিজ কামাল সরকার।
মাসুদ হাসান খান কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাংবাদিকতার পারস্পরিক সম্পর্ক, এআই ব্যবহারে সতর্কতা, দায়িত্ববোধ এবং এর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তিনি সাংবাদিকতার ক্ষেত্রে প্রযুক্তির সঠিক ও দায়িত্বশীল ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
আ স ম মাসুম সামাজিক যোগাযোগমাধ্যমের দ্রুতগতির তথ্যপ্রবাহের মধ্যে সত্যতা যাচাইয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি তথ্য যাচাইয়ে সাংবাদিকের ধৈর্য, দায়িত্ববোধ ও পেশাগত সততার গুরুত্ব ব্যাখ্যা করেন। পাশাপাশি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে প্রাণবন্ত আলোচনা করেন।
বুলবুল হাসান সংবাদ লেখার শব্দচয়ন, বাক্য গঠন, সংবাদ বিন্যাস ও উপস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তাঁর আলোচনায় সংবাদ লেখার পেশাগত সৌন্দর্য ও পাঠযোগ্যতা বাড়ানোর বিভিন্ন কৌশল উঠে আসে।
ড. মো. মোস্তাফিজ কামাল সরকার কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাব্য ভবিষ্যৎ এবং প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে সাংবাদিকতা পেশার ভবিষ্যৎ কীভাবে রূপান্তরিত হতে পারে, সে বিষয়ে আলোকপাত করেন।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীরা চারজন প্রশিক্ষকের কাছ থেকে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান ও অভিজ্ঞতা লাভ করেন। বক্তারা বলেন, প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের নিয়মিত নতুন জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে।
লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি তারেক চৌধুরী বলেন, পরিবর্তিত প্রযুক্তি ও ডিজিটাল সাংবাদিকতার যুগে যুক্তরাজ্যে বাংলা গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন অব্যাহত থাকবে।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার সঙ্গে পরিচিতি এবং সংবাদ পরিবেশনের মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণ কর্মশালার আয়োজনের জন্য অংশগ্রহণকারীরা লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।






