Home কমিউনিটি সুবিধাবঞ্চিত মেয়েদের বিনামূল্যে শিক্ষা ও আবাসন নিশ্চিত করতে বাংলাদেশ ফিমেইল একাডেমির পাশে...

সুবিধাবঞ্চিত মেয়েদের বিনামূল্যে শিক্ষা ও আবাসন নিশ্চিত করতে বাংলাদেশ ফিমেইল একাডেমির পাশে দাঁড়ানোর আহ্বান

86
0

২০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৬ জানুয়ারি বিশেষ সম্মেলন, টেকসই অর্থায়ন ও কারিগরি শিক্ষা সম্প্রসারণের পরিকল্পনা


লন্ডন, ২১ অক্টোবর।

সুনামগঞ্জের দিরাই উপজেলায় প্রতিষ্ঠিত বাংলাদেশ ফিমেইল একাডেমির (বিএফএ) শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ, সুবিধাবঞ্চিত মেয়েদের বিনামূল্যে আবাসিক শিক্ষা নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা অর্জনে দেশি-বিদেশি দাতা সংস্থা, প্রবাসী বাংলাদেশি ও সমাজের বিত্তবানদের সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফিমেইল একাডেমির সভাপতি জামিল চৌধুরী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকালীন ইতিহাস, অর্জন, বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে এ আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯৮২ সালে সুনামগঞ্জের দিরাই উপজেলায় অসহায়, দরিদ্র, এতিম, প্রতিবন্ধী ও গৃহহীন মেয়েদের জন্য একটি বিনামূল্যের আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘ প্রস্তুতি ও জমি সংগ্রহের পর ২০০৩ সালে জামিল চৌধুরী এবং তাঁর প্রয়াত স্ত্রী বেগম রোকেয়া চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।

পরবর্তী সময়ে ২০০৬ সালের ৬ এপ্রিল প্রতিষ্ঠাতা সদস্যদের আর্থিক সহযোগিতায় তিনটি শ্রেণিতে ৯০ জন ছাত্রী নিয়ে আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হয়। বর্তমানে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম প্রথম শ্রেণি থেকে কলেজ পর্যায় পর্যন্ত সম্প্রসারিত হয়েছে।

সংবাদ সম্মেলনে জামিল চৌধুরী জানান, প্রতিষ্ঠাতার ব্যক্তিগত অর্থায়নে পর্যায়ক্রমে প্রায় ছয় একর জমি প্রতিষ্ঠানটিকে বিনামূল্যে দান করা হয়েছে। এই জমির ওপর শিক্ষা ভবন, আবাসিক হোস্টেল, প্রশাসনিক ভবন, শিক্ষক আবাসন, মসজিদ, মক্তব ও কারিগরি প্রশিক্ষণকেন্দ্রসহ বিভিন্ন অবকাঠামো গড়ে তোলা হয়েছে। প্রতিষ্ঠানটির দেওয়া হিসাব অনুযায়ী, বর্তমানে প্রায় এক লাখ পাঁচ হাজার বর্গফুট অবকাঠামো নির্মিত হয়েছে।

বাংলাদেশ ফিমেইল একাডেমির অন্যতম বৈশিষ্ট্য হলো সুবিধাবঞ্চিত মেয়েদের বিনামূল্যে শিক্ষা, আবাসন, খাবার, পোশাক, বই-খাতা ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহের ব্যবস্থা। পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির উন্নয়নে বিভিন্ন ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি, সরকারি প্রতিষ্ঠান ও শুভাকাঙ্ক্ষীদের অবদানের কথা তুলে ধরে জামিল চৌধুরী তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, প্রশাসনিক ভবন ও শিক্ষক আবাসন নির্মাণের প্রাথমিক পর্যায়ে আবদুল ওয়াহিদ ১২ হাজার পাউন্ড অনুদান দেন। বিএফএর প্রধান উপদেষ্টা আহমেদ উস সামাদ চৌধুরী প্রতিবছর ১০ থেকে ১২ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়ে আসছেন। এ ছাড়া মসজিদ ও মক্তব কমপ্লেক্স নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে একাধিক দাতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন, স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সহযোগিতার কথাও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

তবে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রতিষ্ঠানের নিয়মিত পরিচালন ব্যয় নির্বাহ এখন অন্যতম বড় চ্যালেঞ্জ বলে জানান জামিল চৌধুরী। তিনি বলেন, শিক্ষার্থীদের প্রতিদিনের খাবার, শিক্ষক-কর্মচারীদের বেতন, শিক্ষা উপকরণ, আবাসিক ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও পানিসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যয় মেটাতে নিয়মিত এবং টেকসই অর্থায়ন প্রয়োজন।

এ জন্য আন্তর্জাতিক এনজিও, করপোরেট প্রতিষ্ঠান, দেশি-বিদেশি উন্নয়ন সহযোগী, প্রবাসী বাংলাদেশি এবং সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষার মানোন্নয়ন, আধুনিক কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ, ডিজিটাল দক্ষতা বৃদ্ধি, নিরাপদ আবাসন নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে দেশি-বিদেশি উন্নয়ন অংশীদারদের সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতা গড়ে তুলে প্রতিষ্ঠানটির আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

এদিকে বাংলাদেশ ফিমেইল একাডেমির শিক্ষা কার্যক্রমের ২০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৬ জানুয়ারি ২০২৭ একটি বিশেষ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে প্রতিষ্ঠাতা সদস্য, দাতা, শুভাকাঙ্ক্ষী এবং দেশে ও প্রবাসে অবস্থানরত সহযোগীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনের সমাপনী বক্তব্যে জামিল চৌধুরী বলেন, একটি মেয়েকে শিক্ষিত করা মানে একটি পরিবারকে এগিয়ে নেওয়া, আর মেয়েদের ক্ষমতায়ন মানে একটি জাতির ভবিষ্যৎকে শক্তিশালী করা। তিনি বাংলাদেশ ফিমেইল একাডেমিকে নারীশিক্ষা ও ক্ষমতায়নের একটি সফল দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, সুবিধাবঞ্চিত মেয়েদের শিক্ষায় সহযোগিতা কেবল একটি প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রাখা নয়, বরং তাদের মর্যাদা, আত্মবিশ্বাস, আত্মনির্ভরশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ।

পড়ুনঃ  ঝাড়খণ্ডের প্রখ্যাত সমাজসেবী লুৎফল হককে সম্মানিত করলেন কেন্দ্রীয় আইন মন্ত্রী এস পি সিং বাঘেল, করলেন তুমুল প্রশংসাও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here