ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬: রাজধানীর ভাটারায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ২৬ নারীসহ ৮৪ জনকে আটক এবং পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে চারটি মানবাধিকার সংগঠন। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গণহারে সাজা প্রদান বন্ধ, নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তা রক্ষা এবং আটক ও দণ্ড প্রদানের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার হয়েছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছে সংগঠনগুলো।
রোববার (২৫ অক্টোবর) এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস), নারীপক্ষ ও সপ্রান এসব দাবি জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ অক্টোবর রাজধানীর ভাটারা এলাকায় পুলিশের একজন অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া একটি বাড়িতে আয়োজিত কথিত ‘ডিজে পার্টিতে’ অভিযান চালিয়ে ৫৮ জন পুরুষ ও ২৬ জন নারীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পুরুষদের এক মাস এবং নারীদের ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
চার সংগঠন বলেছে, ব্যক্তিগত জীবনে অযৌক্তিক হস্তক্ষেপ, নৈতিকতার নামে পুলিশি নজরদারি বা ‘মরাল পুলিশিং’ এবং নাগরিকদের স্বাধীনতা, গোপনীয়তা ও মর্যাদা ক্ষুণ্ন করার মতো কর্মকাণ্ড উদ্বেগজনক। কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলে তা অবশ্যই প্রচলিত আইন ও যথাযথ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করতে হবে। সামাজিক দৃষ্টিভঙ্গি, অনুমান কিংবা ইঙ্গিতপূর্ণ মন্তব্যের ভিত্তিতে কাউকে অপরাধী হিসেবে উপস্থাপন করা গ্রহণযোগ্য নয়।
বিজ্ঞপ্তিতে আটক ও সাজা প্রদানের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার কিংবা নাগরিক অধিকার লঙ্ঘিত হয়েছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানানো হয়।
একই সঙ্গে আটক ব্যক্তিদের ছবি, ভিডিও, পরিচয় ও অন্যান্য ব্যক্তিগত তথ্য বেআইনিভাবে সংগ্রহ, প্রচার কিংবা প্রকাশ করা হয়ে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন, ২০২৬-এর প্রযোজ্য বিধান অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
সংগঠনগুলো স্মরণ করিয়ে দেয়, বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে আইনের আশ্রয়লাভ, জীবন ও ব্যক্তিস্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। সংবিধানের ৩৩ অনুচ্ছেদে গ্রেপ্তার ও আটকসংক্রান্ত সুরক্ষার পাশাপাশি আইনজীবীর সঙ্গে পরামর্শ এবং তাঁর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের অধিকার স্বীকৃত রয়েছে।
এ ছাড়া ফৌজদারি কার্যবিধির বিধান উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে গ্রেপ্তারের কারণ জানানো এবং যথাসম্ভব গ্রেপ্তারের ১২ ঘণ্টার মধ্যে তাঁর পছন্দের আইনজীবীর সঙ্গে পরামর্শের সুযোগ নিশ্চিত করতে হবে।
চার মানবাধিকার সংগঠনের মতে, কোনো অভিযানে একাধিক ব্যক্তিকে আটক করা হলেও প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ ও প্রমাণ পৃথকভাবে যাচাই করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। আইনগত প্রক্রিয়া ও আত্মপক্ষ সমর্থনের যথাযথ সুযোগ নিশ্চিত না করে গণহারে সাজা প্রদান নাগরিক অধিকার ও ন্যায়বিচার নিয়ে গুরুতর প্রশ্ন সৃষ্টি করে।
ব্লাস্ট, এইচআরএসএস, নারীপক্ষ ও সপ্রান নাগরিকদের সাংবিধানিক অধিকার, ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আইন প্রয়োগের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও যথাযথ বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।






