Home কমিউনিটি প্রবাসীদের অধিকার আদায়ের প্রত্যয়ে লন্ডনে ‘সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ’ গঠন

প্রবাসীদের অধিকার আদায়ের প্রত্যয়ে লন্ডনে ‘সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ’ গঠন

121
0

সাবেক ইমিগ্রেশন বিচারক মোহাম্মদ বেলায়েত হোসাইন সভাপতি, সিরাজুল ইসলাম শাহিন সাধারণ সম্পাদক

লন্ডন, ২৭ অক্টোবর ২০২৬: বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, হয়রানি বন্ধ, ভোটাধিকার নিশ্চিত এবং দেশের উন্নয়নে প্রবাসীদের মেধা, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর লক্ষ্যে লন্ডনে গঠিত হয়েছে ‘সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ’।

যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব, আইনজীবী, ব্যবসায়ী, পেশাজীবী, সাংবাদিক ও তরুণ সংগঠকদের সমন্বয়ে গঠিত এই সংগঠনের সভাপতি মনোনীত হয়েছেন যুক্তরাজ্যের ইমিগ্রেশন ট্রাইব্যুনালের সাবেক বিচারক মোহাম্মদ বেলায়েত হোসাইন এবং সাধারণ সম্পাদক হয়েছেন লেখক ও সংগঠক সিরাজুল ইসলাম শাহিন।

সম্প্রতি লন্ডনে বিচারক মোহাম্মদ বেলায়েত হোসাইনের সভাপতিত্বে এবং ব্যারিস্টার আসাদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত এক সভায় সংগঠনটির নাম, সাংগঠনিক কাঠামো, নেতৃত্ব নির্বাচন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনটির কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

সভায় বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে দেড় কোটির বেশি বাংলাদেশি বসবাস করছেন। চিকিৎসা, শিক্ষা, প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, আইন, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে প্রবাসীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাঁদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। অথচ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরও প্রবাসীদের ন্যায্য অধিকার, মর্যাদা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার ক্ষেত্রে নানা সমস্যা রয়ে গেছে।

বক্তারা অভিযোগ করেন, দেশে যাতায়াতের সময় বিমানবন্দরে হয়রানি, বিদেশে বাংলাদেশি দূতাবাস ও হাইকমিশন থেকে সেবা পেতে ভোগান্তি, দেশে থাকা সম্পত্তি নিয়ে বিরোধ এবং ব্যাংকিং খাতে অনিয়মের কারণে প্রবাসীরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এসব সমস্যা সমাধানে সরকারের কার্যকর উদ্যোগ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

সভায় বিশেষ গুরুত্ব পায় প্রবাসীদের ভোটাধিকার এবং দ্বৈত নাগরিকত্বধারী বাংলাদেশিদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি। বক্তারা বলেন, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকরা স্থানীয় ও জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অথচ বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ এবং ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে প্রবাসীদের বিভিন্ন আইনি ও প্রশাসনিক জটিলতার মুখোমুখি হতে হয়। এসব বাধা দূর করে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সহজ, কার্যকর ও নির্ভরযোগ্য ভোটব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।

পাশাপাশি প্রবাসীদের পাঠানো অর্থের নিরাপত্তা, দেশে তাঁদের পারিবারিক ও ব্যবসায়িক সম্পত্তির সুরক্ষা এবং ব্যাংকিং খাতের অনিয়ম বন্ধের দাবি জানানো হয়। ইসলামী ব্যাংককে কেন্দ্র করে চলমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন কয়েকজন বক্তা। তাঁরা ব্যাংকিং খাতে স্বচ্ছতা, স্থিতিশীলতা ও আমানতকারীদের স্বার্থ রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, প্রবাসীদের অবদানকে শুধু রেমিট্যান্সের পরিসংখ্যানে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাঁদের নাগরিক মর্যাদা, নিরাপত্তা, রাজনৈতিক অংশগ্রহণ এবং রাষ্ট্রীয় সেবাপ্রাপ্তির অধিকারও নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে দেশে ও বিদেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ, নীতিনির্ধারণী পর্যায়ে দাবি উত্থাপন এবং প্রয়োজন অনুযায়ী ঐক্যবদ্ধ কর্মসূচি গ্রহণ করবে নতুন এই সংগঠন।

নবগঠিত সংগঠনের উপদেষ্টা পরিষদে রয়েছেন বিচারপতি ইমান আলী, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি শাহগির বখত ফারুক, ড. হাসনাত হোসাইন এমবিই, জাজ নজরুল খসরু, বিবিসিসিআই সভাপতি মুহিব চৌধুরী, ব্যারিস্টার নাজির আহমদ, কমিউনিটি ব্যক্তিত্ব কে এম আবু তাহের চৌধুরী, বশির আহমদ, সাবেক মেয়র সাইফুল আলম, সাবেক মেয়র সলিসিটর শফিকুল হক, মাওলানা মওদুদ হাসান, মুনসব আলী জেপি, ড. এ ডি এম ইউনুস এবং ব্যারিস্টার আসাদুজ্জামান।

কার্যনির্বাহী কমিটিতে সহসভাপতি হয়েছেন ব্যারিস্টার আতাউর রহমান, রফিক হায়দার ও ড. মুহাম্মদ মুসতাকিম প্রামাণিক। যুগ্ম সম্পাদক হয়েছেন ব্যারিস্টার আবদুল হালিম সরকার ও সৈয়দ জুলকারনাইন জুম্মা। প্রচার ও প্রকাশনা সম্পাদক অলিউল্লাহ নোমান, অফিস সম্পাদক সুমন মাহমুদ এবং অর্থ সম্পাদক মনোনীত হয়েছেন জুবের আহমদ আহাদ।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ব্যারিস্টার আবদুল মালিক, আবদুল লতিফ, ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, ব্যারিস্টার দেওয়ান মাহদী, ব্যারিস্টার খালেদ নূর, গোলাম মোর্তজা সিআইপি, ব্যারিস্টার ইকবাল হোসাইন, মাওলানা মো. আবদুল কুদ্দুস, মাওলানা মোহাম্মদ আব্দুল কারীম, ব্যারিস্টার সাঈদ হাসান, সলিসিটর জহির আহমদ, ব্যারিস্টার বদরে আলম দিদার, ব্যারিস্টার ওয়াহিদ মাহবুব, আলিজামান আওরঙ্গজেব বুলবুল, মিসবাহ জামাল, সুলতান আহমদ, রাইসুল ইসলাম রাসেল, আশরাফ পারভেজ, সাংবাদিক আকবর হোসাইন, আবদুল মুনিম ক্যারল, বদরুজ্জামান বাবুল, রফিকুল ইসলাম এমদাদ, নাফিসা নার্গিস রব্বানী, ফরিদা খানম ফাতিহা, আরিফুর রহমান ভূঁইয়া, শাহরিয়ার আলম শিপার ও আবদুল্লাহ আল মুনিম।

সভায় প্রবাসী কমিউনিটির আরও যোগ্য, অভিজ্ঞ ও সক্রিয় ব্যক্তিদের পর্যায়ক্রমে উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসীদের দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর বাস্তবসম্মত সমাধান, রাষ্ট্রীয় নীতিনির্ধারণে প্রবাসীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং দেশে-বিদেশে তাঁদের অধিকার প্রতিষ্ঠায় একটি ঐক্যবদ্ধ ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ।

পড়ুনঃ  এসেক্স রিজওনের ক্যাটারার্সদের উদ্যোগে অলি-মিঠু-টিপু প্যালেনের নির্বাচনী সভা অনুষ্ঠিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here