Home বিশ্ব ইসরাইলি নির্বাচনঃ আরব দলগুলো কেন কিং মেকার হতে পারবেনা

ইসরাইলি নির্বাচনঃ আরব দলগুলো কেন কিং মেকার হতে পারবেনা

41
0

নেতানিয়াহুকে সরাতে সহযোগিতায় প্রস্তুত আরব দলগুলো, সমান অংশীদারত্বের প্রশ্নে পরীক্ষায় বিরোধী জোট

ইসরায়েলের নির্বাচনে সরকার গঠনের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পায়নি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট। এই পরিস্থিতিতে আরব নেতৃত্বাধীন দলগুলো নেতানিয়াহুকে সরিয়ে বিকল্প সরকার প্রতিষ্ঠায় সহযোগিতার আগ্রহ জানিয়েছে। বিভিন্ন সাক্ষাৎকার ও বিবৃতিতে দলগুলোর নেতারা বলেছেন, তাঁদের সঙ্গে আলোচনা করতে হবে এবং আরব নাগরিকদের নিরাপত্তা, সমতা ও অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকার দিতে হবে। তবে বিরোধী জোটের প্রভাবশালী নেতাদের আপত্তিতে সেই সমঝোতা অনিশ্চিত হয়ে পড়েছে।

বুধবার প্রকাশিত প্রায় ৯০ শতাংশ ভোট গণনার হিসাবে, ১২০ সদস্যের পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুর জোট ৫৩টি এবং আইজেনকটের জোট ৪৮টি আসন পাওয়ার অবস্থানে ছিল। আরব নেতৃত্বাধীন জয়েন্ট লিস্ট ও রা’আমের সম্মিলিত আসন দাঁড়াতে পারে ১৯টিতে—যার মধ্যে জয়েন্ট লিস্টের ১২টি এবং রা’আমের সাতটি। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৬১টি আসন। ফলে বিরোধী জোট ও আরব দলগুলো সমঝোতায় পৌঁছালে তাদের সম্মিলিত আসন হবে ৬৭টি। তবে এগুলো চূড়ান্ত ফল নয়।

আরব দল দুটির অবস্থানেও পার্থক্য রয়েছে। মানসুর আব্বাসের নেতৃত্বাধীন রা’আম সরাসরি সরকারে যোগ দিতে আগ্রহী। অন্যদিকে, জয়েন্ট লিস্ট মন্ত্রিসভায় অংশ না নিয়েও বাইরে থেকে বিকল্প সরকারকে সমর্থনের সুযোগ খোলা রেখেছে।

জয়েন্ট লিস্টের নেতা ইউসুফ জাবারিন রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জানান, গাজায় সামরিক অভিযান ও দক্ষিণ লেবাননে দখলদারত্বের বিষয়ে আইজেনকটের অবস্থানের কারণে তাঁর দল সরাসরি সেই সরকারে যোগ দিতে পারবে না। তবে সংখ্যালঘু সরকারকে বাইরে থেকে সমর্থন দেওয়া সম্ভব। তাঁর অগ্রাধিকারের মধ্যে রয়েছে আরব সমাজে অপরাধ দমন, বরাদ্দ ও সুযোগ বৃদ্ধি, সমতা প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনি রাষ্ট্র নিয়ে শান্তি আলোচনা পুনরায় শুরু করা।

ইসরায়েলের চ্যানেল ১৩-কে দেওয়া বক্তব্যেও জাবারিন বলেন, নেতানিয়াহুর সরকারের কার্যকর বিকল্প প্রতিষ্ঠা করতে চাইলে জয়েন্ট লিস্টের সঙ্গে আলোচনা করতে হবে। নিজেদের বর্ধিত সংসদীয় শক্তি কাজে লাগিয়ে নেতানিয়াহু, ইতামার বেন-গভির ও বেজালেল স্মোট্রিচকে সরকার থেকে সরানোর চেষ্টা করবেন বলে জানান তিনি।

পড়ুনঃ  ইসরায়েলের সামরিক হামলা ইরানের সঙ্গে উত্তেজনা আরও বাড়াল: পরমাণু বিজ্ঞানীদের হত্যা

জয়েন্ট লিস্টের আরেক জ্যেষ্ঠ নেতা আহমদ তিবি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কানের রেশেত বেত রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে জানান, বিরোধী শিবিরের বিভিন্ন দলের সঙ্গে তাঁদের যোগাযোগ চলছে। তাঁর দল মন্ত্রিত্ব দাবি করছে না; সরকারকে সমর্থনের অন্য ব্যবস্থাও আলোচনা করা সম্ভব। তবে সহিংস অপরাধ, বাড়িঘর ভাঙা, অবকাঠামোর সংকট এবং আরব নাগরিকদের বিরুদ্ধে উসকানির বিষয়ে প্রতিশ্রুতি চান তাঁরা। বিরোধী নেতাদের রাজনৈতিক সাহস দেখিয়ে এই সুযোগ গ্রহণের আহ্বান জানান তিবি।

রা’আম নেতা মানসুর আব্বাসও আলোচনার কথা জানিয়েছেন। নির্বাচনের পর চ্যানেল ১২-কে তিনি বলেন, শুধু আইজেনকটের শিবির নয়, অন্য পক্ষ থেকেও তাঁর দলের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরে তিনি স্পষ্টভাবে দাবি করেন, লিকুদও যোগাযোগ করেছে। আব্বাসের এই বক্তব্য সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনা বাড়ালেও কোনো চুক্তি হয়েছে বলে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

আরব দলগুলোর প্রস্তাব সত্ত্বেও বিরোধী জোটের ভেতরে বড় বাধা রয়ে গেছে। আইজেনকট, সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং ইসরায়েল বেইতেনু নেতা আভিগদর লিবারম্যান আরব দলগুলোকে সরকারে নেওয়ার বিরোধিতা করেছেন। লিবারম্যান নির্বাচনের আগেই বাইরে থেকে আরব দলগুলোর সমর্থনের ওপর নির্ভরশীল সরকার গঠনের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছিলেন। ফলে মন্ত্রিসভায় অংশগ্রহণ ছাড়াই সমর্থন দেওয়ার পথটিও সহজ নয়।

তবে ডেমোক্র্যাটস নেতা ইয়ার গোলান ভিন্ন অবস্থান নিয়েছেন। তাঁর বক্তব্য, আরব দলগুলোকে সঙ্গে নিয়ে বিরোধীদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং সেই শক্তি ব্যবহার করে পরিবর্তনের সরকার গঠন করা উচিত। ইহুদি ও আরব নাগরিকদের ভোটের মূল্য সমান বলে উল্লেখ করে তিনি সহযোগিতার বিরোধিতা থেকে সরে আসতে মিত্রদের আহ্বান জানিয়েছেন।

জাবারিনও সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, রাজনৈতিক পরিবর্তনের ভিত্তি হতে হবে ইহুদি ও আরবদের প্রকৃত ও সমান অংশীদারত্ব। তাঁর দলের সমর্থন তাই নিছক আসনের সমীকরণে সীমাবদ্ধ থাকবে কি না, তা নির্ভর করছে আলোচনায় কী ধরনের রাজনৈতিক অঙ্গীকার পাওয়া যায় তার ওপর।

পড়ুনঃ  অশ্রুসিক্ত নয়নে তিনি বললেন, হাউস অফ কমন্স এ পুরস্কৃত হব তা স্বপ্নেও ভাবিনি

এই অচলাবস্থা কাটাতে জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনাও রয়েছে। ফিলিস্তিনি গবেষণা প্রতিষ্ঠান মাদারের মহাপরিচালক হোনাইদা ঘানেম আলজাজিরাকে বলেছেন, সম্ভাব্য পরিণতিগুলোর একটি হলো জাতীয় ঐক্যের সরকার। সে ক্ষেত্রে নেতানিয়াহুর শিবির ও বিরোধী পক্ষের কিছু দল সমঝোতায় পৌঁছাতে পারে। অন্য সম্ভাবনার মধ্যে রয়েছে আরব দলগুলোর বাইরের সমর্থনে বিরোধীদের সংখ্যালঘু সরকার, বিরোধী শিবির থেকে নেতানিয়াহুর জোটে যোগদান অথবা আবার নির্বাচন। তবে কোনো সমঝোতা এখনো নিশ্চিত হয়নি।

আপাতত জোট গঠনের আলোচনা চলাকালে নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকবেন। বিরোধীদের মধ্যে সমঝোতা ব্যর্থ হলে দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থা কিংবা আরেকটি নির্বাচনের সম্ভাবনা রয়েছে। ফলে আরব দলগুলোর নির্বাচনী সাফল্য সরকার পরিবর্তনে রূপ নেবে কি না, তার সিদ্ধান্ত এখন অনেকটাই নির্ভর করছে আইজেনকট ও তাঁর মিত্রদের পরবর্তী পদক্ষেপের ওপর।

আরব দলগুলোর সঙ্গে জোট গঠনে কোনো আইনি নিষেধাজ্ঞা নেই; বাধাটি মূলত রাজনৈতিক ও আদর্শিক। তবে ফিলিস্তিনি গবেষণা প্রতিষ্ঠান মাদারের মহাপরিচালক হোনাইদা ঘানেম আলজাজিরাকে বলেছেন, এই বর্জনের পেছনে রয়েছে বর্ণবাদী কাঠামো, যেখানে আরব নাগরিকদের নির্বাচিত প্রতিনিধিদের বৈধ শাসনসঙ্গী হিসেবে গ্রহণ করা হয় না। তাঁর মতে, নির্বাচনে আসন বাড়লেও এই রাজনৈতিক বাধার কারণে আরব দলগুলো সেই শক্তিকে সরকার পরিচালনায় প্রভাবে রূপ দিতে পারছে না।

একই সঙ্গে ইসরায়েলের রাষ্ট্রীয় পরিচয় ও প্রতিষ্ঠাকালীন ঘোষণার ব্যাখ্যা নিয়েও মৌলিক মতপার্থক্য রয়েছে। আইজেনকট সম্ভাব্য জোটসঙ্গীদের জন্য ইসরায়েলকে ‘ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র’ হিসেবে স্বীকৃতি, স্বাধীনতার ঘোষণাপত্রের মূল্যবোধ গ্রহণ এবং সব নাগরিকের জাতীয় সেবায় অংশগ্রহণের শর্ত দিয়েছেন। অন্যদিকে, আরব দলগুলোর একাংশ—বিশেষত জয়েন্ট লিস্টের শরিক বালাদ—ইহুদি জাতীয় পরিচয়ভিত্তিক রাষ্ট্রকাঠামোর পরিবর্তে সব নাগরিকের সমান অধিকারের রাষ্ট্রের পক্ষে। ফলে বিরোধটি ক্ষমতার ভাগাভাগির পাশাপাশি রাষ্ট্রের ভিত্তি ও নাগরিকত্বের ধারণাকেও ঘিরে।

সূত্রঃ আলজাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here