Home বাংলাদেশ সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যু: নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহি নিশ্চিতের...

সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যু: নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহি নিশ্চিতের দাবি এইচআরএসএসের

31
0


ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬: বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির (২৮) রহস্যজনক মৃত্যুতে গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে স্থানীয় এক বন্ধুর সঙ্গে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ। রাত ১টা ৩৫ মিনিটে মাকে পাঠানো একটি ভয়েস মেসেজে তিনি বাসায় ফেরার কথা জানিয়েছিলেন। কিন্তু পরদিন বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বাবা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এইচআরএসএসের বিবৃতিতে বলা হয়, তাহসিফের মৃত্যুর পর প্রকাশিত বিভিন্ন তথ্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যে বেশ কিছু অসংগতি ও প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে, হেফাজতে থাকা এক ব্যক্তির বক্তব্যে পুলিশের পোশাক পরা কয়েকজনের ধাওয়া করার প্রসঙ্গ এবং পুলিশের পক্ষ থেকে দেওয়া ভিন্ন ব্যাখ্যা ঘটনার প্রকৃত পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

এ ছাড়া তাহসিফের পরিচয় নিশ্চিতকরণ, শরীরে আঘাতের চিহ্ন, ময়নাতদন্তের প্রতিবেদন এবং মৃত্যুর পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়েও অস্পষ্টতা রয়েছে। তাঁর পরিবারের পক্ষ থেকে অতীতে গোয়েন্দা নজরদারির অভিযোগও তোলা হয়েছে। এসব অভিযোগ ও তথ্য নিরপেক্ষভাবে যাচাই করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট তেজগাঁও বিমানবন্দরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের বহুল আলোচিত ভিডিওটি তাহসিফের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে প্রথম প্রচারিত হয়েছিল বলে জানা যায়। তবে ওই ঘটনার সঙ্গে তাঁর মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা অনুমানের ভিত্তিতে নয়, বরং যথাযথ তদন্তের মাধ্যমে নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে এইচআরএসএস।

সংগঠনটি বলেছে, বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদ এবং নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক চুক্তি (আইসিসিপিআর) অনুযায়ী নাগরিকের জীবন ও ব্যক্তিস্বাধীনতার সুরক্ষা এবং সন্দেহজনক মৃত্যুর কার্যকর তদন্ত নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

এইচআরএসএসের আট দফা দাবির মধ্যে রয়েছে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত, ময়নাতদন্ত ও রাসায়নিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ, সিসিটিভি ফুটেজ, কললিস্ট ও মোবাইল লোকেশনসহ সব ধরনের সাক্ষ্যপ্রমাণ সংরক্ষণ এবং ঘটনার রাতে সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান বা টহল ছিল কি না, তা প্রকাশ করা।

পাশাপাশি হেফাজতে থাকা আহমেদ শাহরিয়ার রেজা দীপের আইনজীবী ও পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ, যথাসময়ে আদালতে হাজির করা এবং নির্যাতনমুক্ত থাকার অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। তদন্ত শেষ হওয়ার আগে তাঁকে অপরাধী হিসেবে চিহ্নিত না করারও আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এ ছাড়া তদন্তের নামে অযাচাইকৃত তথ্য প্রচার বন্ধ, দায়িত্বপ্রাপ্ত মুখপাত্রের মাধ্যমে তদন্তের অগ্রগতি জানানো এবং তাহসিফের পরিবার ও সম্ভাব্য সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে এইচআরএসএস।

সংগঠনটি বলেছে, তদন্তে কারও সংশ্লিষ্টতা প্রমাণিত হলে পরিচয় বা পদমর্যাদা নির্বিশেষে তাঁকে আইনের আওতায় এনে বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

এইচআরএসএসের মতে, তাহসিফের মতো একটি রহস্যজনক মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্তের কোনো বিকল্প নেই। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রভাবমুক্ত থেকে তদন্ত সম্পন্ন করা এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করাই হবে ন্যায়বিচার প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

পড়ুনঃ  রাষ্ট্রীয় নির্যাতনের অবসান, ভুক্তভোগীদের ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান: এইচআরএসএস-এর ১২তম জাতীয় মানবাধিকার সম্মেলন অনুষ্ঠিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here