প্রবাসীদের ভোটাধিকার, বিমানবন্দরে হয়রানি বন্ধ, দূতাবাসের সেবার মানোন্নয়ন ও ব্যাংকিং খাতের সংকট নিয়ে আলোচনা
ঢাকা, ১ নভেম্বর ২০২৬:
বাংলাদেশের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ একাধিক সংসদ সদস্যের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের ইমিগ্রেশন জাজ ও সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি জাজ মোহাম্মদ বেলায়েত হোসেইন। সাক্ষাৎকালে তিনি প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার, বিমানবন্দরে হয়রানি বন্ধ, দূতাবাসের সেবার মানোন্নয়ন, ব্যাংকিং খাতের অনিয়ম এবং প্রবাসীদের সাংবিধানিক ও নাগরিক অধিকার নিশ্চিত করার দাবি তুলে ধরেন।
শনিবার (৩১ অক্টোবর) ঢাকায় আইনমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত সাক্ষাতে পরিষদের সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, ব্যারিস্টার নজরুল ইসলাম, ব্যারিস্টার বেলায়েত হোসেইন এবং সংগঠনটির উপদেষ্টা পরিষদের সদস্য ড. এডিএম ইউনুস প্রমুখ।
অন্যদিকে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে অনুষ্ঠিত পৃথক সাক্ষাতে জাজ বেলায়েত হোসেইনের সঙ্গে ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য ড. এডিএম ইউনুস।
এ ছাড়া সফরকালে তিনি নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম এবং ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানের সঙ্গেও পৃথক বৈঠক করেন।
সাক্ষাৎকালে পরিষদের সভাপতি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে দেড় কোটির বেশি বাংলাদেশি বসবাস ও কর্মরত রয়েছেন। শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশায় তাঁরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাঁদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক ও রাজনৈতিক আন্দোলনেও প্রবাসীদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।
তবে দেশের অর্থনীতিতে এত বড় অবদান রাখার পরও প্রবাসীরা তাঁদের প্রাপ্য মর্যাদা ও অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। বিশেষ করে বাংলাদেশের বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি, বিদেশে বাংলাদেশি দূতাবাস ও কনস্যুলেটগুলোতে সেবা পেতে ভোগান্তি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহির অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
জাজ বেলায়েত হোসেইন বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স নিয়ে রাষ্ট্র গর্ব করলেও তাঁদের ন্যায্য অধিকার ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। একই সঙ্গে দেশের ব্যাংকিং খাতের অনিয়ম ও অস্থিরতা, বিশেষ করে ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে প্রবাসীদের মধ্যে উদ্বেগ রয়েছে। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ ও বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
প্রবাসী ও দ্বৈত নাগরিকত্বধারী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। জাজ বেলায়েত হোসেইন বলেন, যুক্তরাজ্য, ইউরোপ ও কানাডাসহ বিভিন্ন দেশে বাংলাদেশি বংশোদ্ভূত দ্বৈত নাগরিকেরা স্থানীয় ও জাতীয় রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। তাঁদের অনেকে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছেন। অথচ বাংলাদেশের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ ও অংশগ্রহণের ক্ষেত্রে প্রবাসীদের বিভিন্ন আইনি ও প্রশাসনিক জটিলতার মুখোমুখি হতে হয়। এসব প্রতিবন্ধকতা দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
আলোচনায় প্রবাসীদের অধিকার সুরক্ষায় কার্যকর রাষ্ট্রীয় নীতিমালা, বিমানবন্দরে সম্মানজনক আচরণ নিশ্চিত করা, দূতাবাস ও হাইকমিশনের সেবার মান বৃদ্ধি এবং প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রীদ্বয় ও সংসদ সদস্যরা প্রবাসীদের বিভিন্ন দাবি ও অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং সেগুলো সমাধানে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দেন। জাজ মোহাম্মদ বেলায়েত হোসেইন ব্যস্ততার মধ্যেও সাক্ষাতের সুযোগ দেওয়া এবং আন্তরিক আতিথেয়তার জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য দাবি আদায় এবং তাঁদের মেধা, দক্ষতা ও অভিজ্ঞতাকে দেশের উন্নয়নে কাজে লাগানোর লক্ষ্য নিয়ে সম্প্রতি লন্ডনে গঠিত হয়েছে ‘সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ’। সংগঠনটির সভাপতি জাজ মোহাম্মদ বেলায়েত হোসেইন বর্তমানে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে অবস্থান করছেন। সফরের অংশ হিসেবে তিনি সরকারের নীতিনির্ধারক ও জনপ্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিকভাবে সাক্ষাৎ করে প্রবাসীদের বিভিন্ন দাবি তুলে ধরছেন।





