লন্ডন, ১১ আগস্ট:
রাজধানী ঢাকার পার্শ্ববর্তী গাজীপুরে সাংবাদিক মোঃ আব্দুল্লাহিল তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে লন্ডন বাংলা প্রেস ক্লাব। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই নির্মম হত্যাকাণ্ড সাংবাদিক সমাজ ও গণতান্ত্রিক মূল্যবোধের উপর গুরুতর আঘাত।
লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জুবাইর বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে জরুরি ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। সাংবাদিকরা যাতে ভয়-ভীতি, হয়রানি ও সহিংসতা থেকে মুক্ত থেকে কাজ করতে পারেন, তা নিশ্চিত করা জরুরি।”
সাধারণ সম্পাদক তায়সির মাহমুদ বলেন, “তুহিন ছিলেন নিউজ ২৪ চ্যানেলের প্রতিনিধি ও অভিজ্ঞ সংবাদকর্মী। তাঁর ওপর এমন বর্বরোচিত হামলা বাংলাদেশের সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তার উপর একটি বড় ধরনের হুমকি।”
প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বাংলাদেশ সরকার ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।
পুলিশ জানায়, গত ৭ আগস্ট রাত ১১টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে বাড়ি ফেরার পথে তুহিনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তুহিন দৈনিক কালের কণ্ঠের গাজীপুর প্রতিনিধি হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন এবং সামাজিক সংগঠনগুলোর সঙ্গেও যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে সহকর্মী সাংবাদিক ও স্থানীয় সমাজ গভীর শোক প্রকাশ করেছে।





