২২ জানুয়ারি, ২০২৬ *বিবৃতি*
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তির অভিযোগে সাইবার নিরাপত্তা আইনে দিনাজপুরের পার্বর্তীপুরের গোলাম মোস্তফাকে গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। পাশাপাশি অনতিবিলম্বে আটককৃত গোলাম মোস্তাফার মুক্তির দাবি জানাচ্ছে।
গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২০ জানুয়ারি, ২০২৬ দিবাগত রাতে দিনাজপুরের পার্বর্তীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের স্থানীয় একটি বাজার থেকে অভিযান চালিয়ে গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গোলাম মোস্তফার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়্যারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুকে অশ্লীল, সহিংসতা, ঘৃণা ও বিদ্বেষমূলক তথ্য প্রচার করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলা দায়ের করেন একই উপজেলার ১০ নং হরিরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তপু। আটককৃত গোলাম মোস্তফা পার্বর্তীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়ন মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল মালেকের ছেলে।
উদ্বেগের বিষয় যে, বিগত আওয়ামী সরকারের সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, শেখ পরিবার, রাজনৈতিক ব্যক্তিত্ব, দলীয় নেতৃবৃন্দ বা সমজাতীয় বিষয় নিয়ে সরাসরি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি, নিন্দা জানানো বা পোস্ট করার কারণে ডিজিটাল/সাইবার নিরাপত্তা আইনের ব্যাপক অপব্যবহার করে যেভাবে মতপ্রকাশের স্বাধীনতাকে হরণ করা হয়েছে, একই ধারাবাহিকতায় বর্তমান সময়ে এসেও সাইবার নিরাপত্তা আইনের অপব্যবহার হচ্ছে।
এইচআরএসএস মনে করে, ২০২৪ সালের ৫ আগস্টের পর বর্তমান অন্তবর্তীকালীন সরকারের অধীনে বিশেষ ব্যক্তির ব্যাপারে সমালোচনা, নিন্দা জানানো বা পোস্টের কারণে মামলা দায়ের করা বা বিচারের আওতায় নিয়ে আসা সরাসরি মানবাধিকার লঙ্ঘন ও মতপ্রকাশে স্বাধীনতায় হস্তক্ষেপের সামিল। তাছাড়া এটা প্রতীয়মান যে, বর্তমান সরকার ও আইন শৃঙ্খলাবাহিনী পূর্বের ধারাবাহিকতা থেকে এখনো বের হতে পারেননি।
এইচআরএসএস দৃঢ়ভাবে বিশ্বাস করে, রাজনৈতিকভাবে উদ্দেশ্যমূলক ও হয়রানিতে বর্তমানেও সাইবার নিরাপত্তা আইনের অপপ্রয়োগ চলমান রয়েছে, যা কোনভাবেই কাম্য নয়। এইচআরএসএস অনতিবিলম্বে হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে আটককৃত গোলাম মোস্তফাকে মুক্তির দাবী জানাচ্ছে। পাশপাশি আইনের শাসন প্রতিষ্ঠায় ভবিষ্যতে সাইবার নিরাপত্তা আইনের অপব্যবহার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকার ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছে ।



