Home কমিউনিটি ‘প্রাণের ঝিনাইদহ পিঠা মেলা, ২০২৬’ অনুষ্ঠিত

‘প্রাণের ঝিনাইদহ পিঠা মেলা, ২০২৬’ অনুষ্ঠিত

4
0

লন্ডন প্রতিনিধি:
প্রবাসের মাটিতে বাংলার ঘ্রাণ, দেশীয় ঐতিহ্য আর শেকড়ের টানে এক ছাতার নিচে মিলিত হলেন যুক্তরাজ্যে বসবাসরত ঝিনাইদহের শত শত মানুষ। ৪২ ধরনের ঐতিহ্যবাহী পিঠার সমাহার, বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন, খেলাধুলা ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ‘প্রাণের ঝিনাইদহ পিঠা মেলা, ২০২৬’।
রোববার, ২২ নভেম্বর পূর্ব লন্ডনের ভিকারেজ লেন কনজারভেটিভ ক্লাব হলে দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে দিনব্যাপী এই আয়োজন। যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ঝিনাইদহের প্রবাসী পরিবার ও তাঁদের স্বজনরা অনুষ্ঠানে যোগ দেন। দীর্ঘদিন পর নিজ জেলার পরিচিত মানুষদের একসঙ্গে পেয়ে আনন্দ, আবেগ আর ভালোবাসায় মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অতিথি ও অংশগ্রহণকারীদের জন্য আয়োজন করা হয় বিশেষ মধ্যাহ্নভোজের। পোলাও, খাসির গোস্তের রেজালা, মুরগী, ডাল, সবজি, সালাদসহ ও নানা পদের খাবারের পাশাপাশি শিশুদের জন্যও ছিল আলাদা খাবারের ব্যবস্থা।
তবে আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ঝিনাইদহের প্রবাসী নারীদের নিজ হাতে তৈরি ৪২ ধরনের দেশীয় পিঠা ও ডেজার্ট। ভাপা, চিতই, পাটিসাপটাসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠার সমাহারে ফিরে আসে বাংলার শীতের দিনের চিরচেনা আমেজ। পিঠা প্রদর্শনীর পাশাপাশি ছিল পিঠা প্রতিযোগিতা এবং বিজয়ীদের জন্য পুরস্কার ও উপহারের ব্যবস্থা।
দিনব্যাপী আয়োজনে শিশু ও বড়দের জন্য ছিল বিভিন্ন ধরনের খেলাধুলা ও প্রতিযোগিতা। শিশুদের জন্য বিশেষ গেমস ও উপহার ব্যাগের ব্যবস্থাও করা হয়। পরিবারের সব বয়সী সদস্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি হয়ে ওঠে এক আনন্দঘন পারিবারিক মিলনমেলা। দিনের শেষভাগে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, সংগীত পরিবেশনা, গল্প, আড্ডা আর স্মৃতিচারণে মেতে ওঠেন প্রবাসী ঝিনাইদহবাসীরা।
আয়োজকরা জানান, এই আয়োজনের মূল উদ্দেশ্য প্রবাসে ঝিনাইদহবাসীর মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় করা। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি, ঐতিহ্য এবং ঝিনাইদহ জেলার পরিচয় তুলে ধরাও ছিল এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
আয়োজকদের দাবি, বাংলাদেশের বাইরে ঝিনাইদহবাসীদের নিয়ে এটিই এখন পর্যন্ত অন্যতম বৃহৎ, এমনকি তাঁদের জানা মতে সবচেয়ে বড় মিলনমেলা। দীর্ঘদিনের প্রস্তুতি, পরিকল্পনা ও স্বেচ্ছাসেবকদের নিরলস পরিশ্রমে সফলভাবে সম্পন্ন হয় এই আয়োজন।
অনুষ্ঠান সফল করতে স্পনসরদের পাশাপাশি সামনে থেকে ও নেপথ্যে থেকে যাঁরা কাজ করেছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজকরা। বিশেষকরে স্পনসরদের পাশাপাশি ব্যারিস্টার মামুন, তুহিন, চমন, জসি, জিন্নাহ, ইকবাল, মেরি, মোস্তফা, মাফু, সোহেল ও মুজাহিদসহ সংশ্লিষ্ট সকল ভাই, ভাবী ও বোনদের অবদানের কথা উল্লেখ করেন অংশগ্রহণকারীরা। শিশু কিশোরদেরকে মানবিক কাজে আগ্রহী করে তুলতে এগিয়ে আসেন সেন্ড এ লিটিল হোপ নামের একটি মানবিক সংগঠন। সেইসাথে উপস্থিত বাংলাদেশ প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও সাংবাদিকদের সহযোগিতা ও আন্তরিকতার জন্য তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান আয়োজকরা।
অনুষ্ঠানে অংশ নেয়া প্রবাসীরা বলেন, লন্ডনে নানা সামাজিক অনুষ্ঠান হলেও নিজের জেলার মানুষের সঙ্গে এমন মিলনমেলার আনন্দ আলাদা। এখানে পরিচিত মুখগুলোর সঙ্গে দেখা হয়, মন খুলে কথা বলা যায়, ফিরে দেখা যায় ফেলে আসা শৈশব ও স্মৃতিময় দিনগুলো। তাঁদের মতে, এ ধরনের আয়োজন প্রবাসে বেড়ে ওঠা সন্তানদের বাংলাদেশের সংস্কৃতি ও শেকড়ের সঙ্গে পরিচিত করারও একটি সুন্দর মাধ্যম।
সব মিলিয়ে ৪২ ধরনের পিঠার স্বাদ, পারিবারিক আনন্দ, সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রবাসী ঝিনাইদহবাসীর আন্তরিক মিলনে ‘প্রাণের ঝিনাইদহ, পিঠা মেলা ২০২৬’ হয়ে ওঠে এক স্মরণীয় আয়োজন।
দেশ থেকে হাজার মাইল দূরে থেকেও নিজের জেলা, সংস্কৃতি ও ঐতিহ্যকে বুকে ধারণ করে রাখার এই প্রয়াস যেন আবারও মনে করিয়ে দেয় প্রবাসের মাটিতে বসবাস করলেও হৃদয়ে বাংলাদেশ, আর শেকড়ে প্রাণের ঝিনাইদহ।

পড়ুনঃ  ৯ই জুলাই অনুষ্ঠিত হবে ২য় মুসলিম কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here