প্রতিবছর জর্ডানের রাজধানী আম্মান থেকে একটি তালিকা প্রকাশিত হয়, যার দিকে মুসলিম বিশ্বের নজর থাকে। রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের “দ্য মুসলিম ৫০০” বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের বার্ষিক তালিকা। ২০০৯ সাল থেকে যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের মুসলিম-খ্রিষ্টান সমঝোতা কেন্দ্রের সহযোগিতায় এটি প্রকাশিত হয়ে আসছে। ধর্ম, রাজনীতি, সমাজ, বিজ্ঞান, শিল্প-সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে প্রভাবের ভিত্তিতে নির্বাচিত হন তালিকাভুক্তরা।
সদ্য প্রকাশিত ২০২৬ সংস্করণের শীর্ষ ৫০ জনের অর্ধেকই আলেম, ইসলামিক স্কলার, দাঈ ও চিন্তাবিদ, মোট ২৫ জন। রাষ্ট্রপ্রধান, রাজা-বাদশাহ আর ক্ষমতাধর রাজনীতিকদের পাশে তাঁদের এই উপস্থিতি মনে করিয়ে দেয়, ইলম ও নৈতিক নেতৃত্ব আজও মুসলিম সমাজের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি। এবারের তালিকার আরেকটি বিশেষ দিক হলো, প্রথমবারের মতো “পারসন অব দ্য ইয়ার” সম্মাননা কোনো একক ব্যক্তিকে না দিয়ে দেওয়া হয়েছে সমষ্টিগতভাবে গাজার জনগণকে।
কারা আছেন তালিকায়
শীর্ষ ৫০-এ আলেমদের মধ্যে সবার ওপরে পাকিস্তানের মুফতি ডক্টর তাকি উসমানী (২)। সাবেক শরিয়াহ বিচারপতি, দারুল উলুম করাচির এই হাদিসবিশারদ এবার উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। তাঁর ঠিক পরেই ইয়েমেনের সুফি আলেম ও দারুল মুস্তাফার প্রতিষ্ঠাতা হাবিব উমর বিন হাফিজ (৩)।
মিসর থেকে আছেন একাধিক মুখ: আল-আজহারের গ্র্যান্ড ইমাম ড. আহমদ আল-তাইয়েব (৬), সাবেক গ্র্যান্ড মুফতি ড. আলি জুমআ (২৩), আল-আজহারি আলেম ও ধর্মমন্ত্রী ড. উসামা আল-আজহারি (২৭) এবং টেলিভিশন দাঈ শায়খ মুস্তফা হোসনি (২৮)।
উপসাগরীয় ও আরব অঞ্চল থেকে আছেন নাজাফের শীর্ষ শিয়া মারজা আয়াতুল্লাহ আলি আল-সিস্তানি (১১), সৌদি চিন্তাবিদ শায়খ সালমান আল-আওদাহ (১৩), মৌরিতানিয়ার প্রখ্যাত উসুলবিদ শায়খ আবদুল্লাহ বিন বাইয়াহ (১৮) এবং তাবাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইয়েমেনি দাঈ হাবিব আলি আল-জিফরি (২৪)। সালমান আল-আওদাহ ২০১৭ সাল থেকে কারাবন্দি; তবু তাঁর প্রভাব তালিকায় অটুট। আরও আছেন সিরিয়ার শাজিলি তরিকার শায়খ মুহাম্মদ আল-ইয়াকুবি (৩৩), তিউনিসিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও ইসলামি চিন্তাবিদ রশিদ ঘানুশি (৩৮) এবং ফিলিস্তিনের আল-কুদস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুস্তফা আবু সোয়াই (৪৯)।
উপমহাদেশ থেকে আছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী (১৬), পাকিস্তানের জনপ্রিয় বক্তা মাওলানা তারিক জামিল (৩২), তাবলিগ জামাতের আমির মাওলানা নজরুর রহমান (৪১) এবং দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস আত্তার কাদেরি (৪৪)।
দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে আছেন ইন্দোনেশিয়ার নাহদাতুল উলামার চেয়ারম্যান ইয়াহিয়া চোলিল স্তাকুফ (১৯), সুফি আলেম হাবিব লুতফি বিন ইয়াহিয়া (৩১) এবং মালয়েশিয়ার মুসলিম দার্শনিক ড. সাইয়েদ নকিব আল-আত্তাস (৪৮)। আফ্রিকা থেকে আছেন সেনেগালের তিজানিয়া তরিকার নেতা শায়খ আহমদ তিজানি সিসে (২৬) ও নাইজেরিয়ার মুফাসসির শায়খ ইবরাহিম সালিহ (৪২)।
পশ্চিমা বিশ্ব থেকে আছেন জায়তুনা কলেজের সহপ্রতিষ্ঠাতা শায়খ হামজা ইউসুফ (২৫), দার্শনিক ড. সাইয়েদ হোসেইন নাসর (৩৪) এবং কেমব্রিজ মুসলিম কলেজের প্রতিষ্ঠাতা শায়খ আবদাল হাকিম মুরাদ (৩৫)।
আমরা কোথায়?
এই দীর্ঘ তালিকায় চোখ বুলিয়ে যে প্রশ্নটি সবচেয়ে বেশি বিঁধল, তা হলো: বাংলাদেশ কোথায়?
মুসলিম জনসংখ্যায় বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ দেশ, মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে তৃতীয়। এ দেশে লাখো মাদ্রাসা, অগণিত মসজিদ, শত বছরের ইলমি ঐতিহ্য আছে। অথচ শীর্ষ ৫০-এ বাংলাদেশের একজন আলেমেরও নাম নেই। বাংলাদেশ থেকে আছেন কেবল ড. মুহাম্মদ ইউনূস, ৫০তম স্থানে, তা-ও রাষ্ট্রীয় নেতৃত্বের সুবাদে।
ব্যক্তিগতভাবে আরেকটি শূন্যতাও চোখে পড়েছে। আমার প্রিয় তিন উস্তাদ ড. ইয়াসির কাদি, নোমান আলি খান ও ড. ওমর সুলাইমানের নামও শীর্ষ ৫০-এ নেই, যদিও বৃহত্তর ৫০০-এর তালিকায় তাঁরা আছেন। তালিকা কখনো পূর্ণাঙ্গ হয় না, হতেও পারে না। কিন্তু একটি দেশের আলেমসমাজের সম্পূর্ণ অনুপস্থিতি নিছক তালিকার সীমাবদ্ধতা দিয়ে ব্যাখ্যা করা যায় না।
মাঠ গরম, মন ছোট
এই প্রশ্নটা আরও তীব্র হয়ে ওঠে দেশের সাম্প্রতিক পরিস্থিতির দিকে তাকালে। বায়তুল মোকাররমের খতিবের একটি মন্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় যে মাঠ গরম হলো, আর গতকাল কয়েকটি দল যে কর্মসূচি দিল, তা দেখে সত্যিই হাসি পেয়েছে। প্রশ্ন জাগে, কোন দেশে বাস করছি আমরা? বিশ্বমঞ্চে যেখানে আমাদের আলেমদের নামই নেই, সেখানে নিজেদের জাতীয় মসজিদের খতিবকে নিয়ে আমরা ব্যস্ত কাদা ছোড়াছুড়িতে।
কারও সঙ্গে আপনার মতের মিল না-ই হতে পারে। তাই বলে তাঁকে যা ইচ্ছা তা বলা যায় না। মতভেদ এক জিনিস, অসম্মান আরেক জিনিস। ইসলামের ইতিহাসে মতভেদ ছিল জ্ঞানচর্চার অলংকার, শত্রুতার উপলক্ষ নয়। ইমামরা পরস্পরের সঙ্গে দ্বিমত করেছেন, কিন্তু একে অপরকে শ্রদ্ধা করতে ভোলেননি।
এই তালিকায় যাঁদের নাম আছে, তাঁদের অনেকের চিন্তা, দর্শন, কর্মসূচি ও লেখার সঙ্গে আমি পরিচিত। তাঁদের মধ্যে আছেন সুফি ও সালাফি, সুন্নি ও শিয়া, ঐতিহ্যবাদী ও সংস্কারপন্থী। সবার সঙ্গে আমি সব বিষয়ে একমত নই, কখনো ছিলামও না। অথচ তাঁদের প্রত্যেককে আমি পছন্দ করি, শ্রদ্ধা করি। কারণ ভিন্নমত পোষণ করা আর ভিন্নমতের মানুষকে অসম্মান করা এক কথা নয়।
শেষ কথা
বিশ্বমঞ্চে স্বীকৃতি আসে জ্ঞান, প্রজ্ঞা আর উদারতা থেকে, পারস্পরিক বিদ্বেষ থেকে নয়। যে সমাজ নিজের আলেমদের সম্মান করতে জানে না, সে সমাজের আলেমদের বিশ্ব কেন সম্মান করবে? ভিন্নমতকে সম্মান করতে না শিখলে আমাদের আলেমদের নাম বিশ্বের তালিকায় উঠবে কীভাবে?
হয়তো সেই দিন আসবে, যেদিন এই তালিকায় বাংলাদেশের কোনো আলেমের নাম দেখব। তবে তার আগে আমাদের শিখতে হবে দ্বিমত করেও শ্রদ্ধা করতে। সেই শিক্ষাটাই আজ সবচেয়ে জরুরি




