আগামী ১৫ এপ্রিল বার্মিংহামের এনইসিতে অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, লন্ডন: যুক্তরাজ্যসহ ইউরোপজুড়ে বসবাসরত ব্রিটিশ-বাংলাদেশি ও বাংলাদেশি প্রবাসীদের অর্জন, মেধা, সাফল্য ও অবদানকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘বিজনেট গ্লোবাল অ্যাওয়ার্ডস ২০২৭’ (BIZNET Global Awards 2027)।
গত মঙ্গলবার (২০ অক্টোবর) লন্ডনের ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের ১১ নম্বর কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আন্তর্জাতিক উদ্যোগের ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আয়োজক সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জিলুর হোসেন এমবিই (Zillur Hussain, MBE) প্রেস বিজ্ঞপ্তি ও বক্তব্যের মাধ্যমে পুরস্কার আয়োজনের লক্ষ্য, পরিকল্পনা এবং ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
তিনি জানান, আগামী ১৫ এপ্রিল ২০২৭ তারিখে বার্মিংহামের বিশ্বখ্যাত ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (NEC) ‘বিজনেট গ্লোবাল অ্যাওয়ার্ডস ২০২৭’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের সাফল্য ও অবদানকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশি নেতৃত্বাধীন এই উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো প্রচলিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের গণ্ডি পেরিয়ে একটি স্থায়ী ও কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলা। এর মাধ্যমে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব, সফল উদ্যোক্তা, পেশাজীবী ও সৃজনশীল মানুষদের একত্রিত করার পাশাপাশি তাঁদের পেশাগত অর্জন ও অবদানের একটি সমৃদ্ধ ডিজিটাল তথ্যভান্ডার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সাফল্য ও সম্ভাবনাকে বিশ্বদরবারে তুলে ধরতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই আয়োজনে শুধু যুক্তরাজ্য নয়, ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি ও ব্রিটিশ-বাংলাদেশিরাও অংশগ্রহণের সুযোগ পাবেন। মূল অনুষ্ঠানে ব্রিটিশ পার্লামেন্টের একাধিক সদস্য (এমপি), নীতিনির্ধারক, বিশিষ্ট বুদ্ধিজীবী এবং তারকা ব্যক্তিত্বদের উপস্থিত থাকার কথা রয়েছে।
যোগ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকেরা। আগ্রহীরা আয়োজকদের নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন ও মনোনয়ন জমা দিতে পারবেন।
সংবাদ সম্মেলনে প্রধান সমন্বয়ক রিয়াদ আহাদ উপস্থিত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই উদ্যোগের লক্ষ্য ও উদ্দেশ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সংবাদমাধ্যমের গঠনমূলক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকদের প্রত্যাশা, ‘বিজনেট গ্লোবাল অ্যাওয়ার্ডস ২০২৭’ প্রবাসী বাংলাদেশিদের অর্জনকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাঁদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও পেশাগত নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।






