২০২৬ সালের প্রথম ১০ মাসে নির্যাতনের শিকার অন্তত ২,৬৬৫ জন
বাংলাদেশে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা ও নির্যাতনের ঘটনা ২০২৬ সালে উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত অন্তত ২ হাজার ৬৬৫ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। ২০২৫ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ১ হাজার ৭৩৩। এক বছরে ঘটনা বেড়েছে ৯৩২টি, অর্থাৎ প্রায় ৫৪ শতাংশ।
১৬টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে এইচআরএসএস। এতে ২০২৫ ও ২০২৬ সালের জানুয়ারি-অক্টোবর সময়ের তথ্য তুলনা করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ১০ মাসে ৭৫৯ জন নারী ও কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ৪৩৪ জন—প্রায় ৫৭ শতাংশ—১৮ বছরের কম বয়সী। এ সময়ে ১৫০ জন গণধর্ষণের শিকার হয়েছেন; ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩৪ জনকে এবং ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছেন তিনজন।
২০২৫ সালের একই সময়ে ধর্ষণের শিকার হয়েছিলেন ৭৪১ জন, যাঁদের মধ্যে ৪৩০ জন শিশু ও কিশোরী। মোট ধর্ষণের সংখ্যা সামান্য বাড়লেও শিশুদের বিরুদ্ধে যৌন সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
যৌন নিপীড়ন ও পারিবারিক সহিংসতায় বড় বৃদ্ধি
এইচআরএসএসের তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, যৌন নিপীড়নের ঘটনা ২০২৫ সালের ৩৭৪টি থেকে বেড়ে ২০২৬ সালে ৭৬৮টিতে দাঁড়িয়েছে—প্রায় ১০৫ শতাংশ বৃদ্ধি। যৌন নিপীড়নের শিকার শিশুর সংখ্যা ২১৪ থেকে বেড়ে ৩১২ হয়েছে, যা প্রায় ৪৬ শতাংশ বেশি।
পারিবারিক সহিংসতায় নিহতের সংখ্যা ৩২৩ থেকে বেড়ে ৫০২ হয়েছে, প্রায় ৫৫ শতাংশ বৃদ্ধি। আহতের সংখ্যা ৮৩ থেকে বেড়ে ৩০৫ হয়েছে—প্রায় ২৬৭ শতাংশ বৃদ্ধি। পারিবারিক সহিংসতার শিকার হয়ে আত্মহত্যার ঘটনাও ৬১ শতাংশ বেড়েছে।
যৌতুকের কারণে হত্যার ঘটনা ২৮ থেকে বেড়ে ৪১ হয়েছে। ধর্ষণের পর হত্যার সংখ্যা ২৪ থেকে বেড়ে ৩৪ হয়েছে, যা প্রায় ৪২ শতাংশ বৃদ্ধি। অন্যদিকে, গণধর্ষণ ও ধর্ষণের পর আত্মহত্যার ঘটনায় কিছুটা হ্রাস দেখা গেলেও সামগ্রিক পরিস্থিতিকে সন্তোষজনক মনে করছে না সংস্থাটি।
কাঠামোগত কারণ ও সুরক্ষা ব্যবস্থার ঘাটতির কথা বলছে এইচআরএসএস
এইচআরএসএসের মতে, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বিচ্ছিন্ন অপরাধের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে সামাজিক বৈষম্য, পুরুষতান্ত্রিক মানসিকতা, ক্ষমতার অপব্যবহার, বিচারহীনতা এবং অপর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থার সম্পর্ক রয়েছে। শিশুদের বিরুদ্ধে যৌন সহিংসতা, ধর্ষণের পর হত্যা, যৌতুকজনিত নির্যাতন ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে বিদ্যমান আইন এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থার কার্যকারিতা নিয়েও উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।
প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক চাপ, ভয়ভীতি, আর্থিক অসচ্ছলতা ও দীর্ঘ বিচারপ্রক্রিয়ার কারণে অনেক ভুক্তভোগী ও তাঁদের পরিবার ন্যায়বিচার পেতে বাধার মুখে পড়েন। অপরাধের পর আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সহিংসতার মূল কারণ মোকাবিলা, সামাজিক সচেতনতা, প্রাতিষ্ঠানিক জবাবদিহি এবং ভুক্তভোগীকেন্দ্রিক সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে এইচআরএসএস।
সংস্থাটি ধর্ষণ, যৌন নিপীড়ন, যৌতুক ও পারিবারিক সহিংসতার ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার; শিশু সুরক্ষা নীতি ও অভিযোগ জানানোর ব্যবস্থা; ভুক্তভোগীদের বিনা মূল্যে আইনি সহায়তা, চিকিৎসা, মানসিক স্বাস্থ্যসেবা ও নিরাপদ আশ্রয় নিশ্চিত করার সুপারিশ করেছে। পাশাপাশি পারিবারিক সহিংসতার অভিযোগ দ্রুত গ্রহণ, যৌতুক ও বাল্যবিবাহবিরোধী আইন প্রয়োগ, পুলিশ ও বিচারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জবাবদিহি এবং কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানির অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছে।
নারীর সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করা, সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে দেশব্যাপী সচেতনতা কার্যক্রম চালানো এবং নিয়মিত জাতীয় পরিসংখ্যান প্রকাশের জন্য সমন্বিত তথ্যব্যবস্থা গড়ে তোলার কথাও বলেছে সংস্থাটি।
এইচআরএসএস সরকারকে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা, নির্যাতন ও বৈষম্য বন্ধে সমন্বিত ও জবাবদিহিমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। সংস্থাটির মতে, তাঁদের নিরাপত্তা, ন্যায়বিচার ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও মানবাধিকারভিত্তিক দায়িত্ব।



